যুবলীগ নেতাকে কুপিয়ে ছিনতাই
রাজবাড়ীর কালুখালী উপজেলার স্থানীয় এক যুবলীগ নেতাকে রোববার কুপিয়ে ৫০ হাজার টাকা ছিনতাই করেছে দুর্বৃত্তরা।
আহত আশরাফ সিদ্দিকী বাচ্চু কালিকাপুর ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক এবং কালুখালী গ্রামের আব্দুল আজিজের ছেলে। তাকে রাজবাড়ী সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
হাসপাতালে বাচ্চু সাংবাদিকদের বলেন, কালুখালীর তফাদিয়া গ্রামের আকতার, রাজন, আঞ্জুসহ বেশ কয়েকজন যুবক তার কাছে বেশ কিছুদিন ধরে চাঁদা দাবি করে আসছিল।
রোববার রাত সাড়ে ৮টার দিকে রাজবাড়ী থেকে মোটরসাইকেলে বাড়ি ফেরার পথে কালুখালী রেলগেটের কাছে পৌঁছলে আকতার, রাজন, আঞ্জুসহ কয়েকজন যুবক গতিরোধ করে উপর্যুপরি কুপিয়ে তার কাছ থেকে ৫০ হাজার টাকা ছিনিয়ে নেয়।
কালুখালী থানার ওসি আব্দুর রহমান বলেন, আকতার নামে এক অপরাধীকে চিহ্নিত করা হয়েছে। এ ব্যপারে মামলার প্রস্তুতি চলছে।
