কাজী বললেন, আঁখির ‘না’ শুনে অ্যাসিড ছোড়ে মনির
বিয়েতে রাজি না হওয়াই কাল হলো ইডেন কলেজ ছাত্রী শারমিন আক্তার আঁখির। মুহূর্তের মধ্যে অ্যাসিড ঝলসে যাওয়া শরীরে ছুরিকাঘাত করতে থাকেন মনির উদ্দিন নামে সেই যুবক, ঘটনার পর থেকে যিনি পলাতক।
রোববার ঢাকার মহানগর হাকিম ইসমাইল হোসেনকে দেয়া জবানবন্দিতে এ কথা জানিয়েছেন মামলার অন্যতম সাক্ষী কাজী হাবিবুল্লা খান।
অ্যাসিড অপরাধ দমন আইন ২০০২ এর ১৯ ধারা অনুযায়ী কাজীর জবানবন্দি নথিভুক্ত করা হয়।
কাজী জবানবন্দিতে বলেন, ১৬ জানুয়ারি এ মামলার অন্যতম আসামি মনির ইডেন কলেজের ওই ছাত্রীকে বিয়ে করার জন্য নিয়ে আসে। এক পর্যায়ে মেয়েটি বিয়ে করতে অসম্মতি জানায়। তখন মনির তার সামনেই নিজের ব্যাগ থেকে অ্যাসিড বের করে মেয়েটির শরীরে নিক্ষেপ করে।
একই সময়ে তার কাছে থাকা একটি ছুরি দিয়ে মেয়েটির হাতের কব্জি ও পিঠের বিভিন্ন স্থানে আঘাত করতে থাকে বলেও উল্লেখ করেন হাবিবুল্লা খান।
গত ১৫ জানুয়ারি চাঁনখারপুল কাজী অফিসে অ্যাসিড নিক্ষেপ ও ছুরিকাঘাতের শিকার হন বাংলা চতুর্থ বর্ষের ওই ছাত্রী।
তার মুখ ও ডান হাত অ্যাসিডে ঝলসে গেছে। তার হাতে, পায়ে ও পিঠে ছুরিকাঘাতে মোট পাঁচটি চিহ্ন পেয়েছে পুলিশ।
ঘটনার একদিন পর ১৬ জানুয়ারি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ওই ছাত্রীর জবানবন্দি গ্রহণ করেন হাকিম। মামলা করেছেন আঁখির ভাই মহিউদ্দিন আহম্মেদ। এরই মধ্যে মনিরকে উদ্দিনকে ৪৮ ঘণ্টার মধ্যে গ্রেপ্তার করে হাজিরের নির্দেশ দিয়েছে হাই কোর্ট।
এদিকে আঁখিকে অ্যাসিড নিক্ষেপের দায়ে মনির উদ্দিনের ফাঁসি দাবি করেছেন স্বজনরা।
আঁখির বড় ভাই ফখরুদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, তাদের সকলের একটাই দাবি মনির উদ্দিনের ফাঁসি।
ছোটবোনকে বিদেশে চিকিৎসা করানোর ইচ্ছে থাকলেও সামর্থ না থাকার কথা জানালেন তিনি।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে বার্ন ইউনিটের প্রধান সমন্বয়কারী সামন্ত লাল জানিয়েছেন, সোমবার সকাল ১০টায় আঁখির স্কিন গ্রাফট অপারেশন হবে। তার শরীরের অবস্থা খুব একটা ভালো নয়।
তিনি বলেন, “শরীরের ছুরিকাঘাতের আঘাত ছাড়াও মুখে, মাথায়, পাযে ও পেটে অ্যাসিডে ঝলসানো ক্ষত রয়েছে। অ্যাসিডে তার শরীরের একুশ শতাংশ পুড়ে গেছে।”
