মেহেরপুরে বিএসএফের গুলিতে কৃষক আহত
মেহেরপুর সীমান্তে রোববার বিএসএফের গুলিতে এক বাংলাদেশি কৃষক আহত হয়েছেন।
গুলিবিদ্ধ আব্দুল মুমিনকে (৪৫) মেহেরপুরের একটি ক্লিনিকে ভর্তি করা হয়েছে। তিনি মুজিবনগর উপজেলার জয়পৃর গ্রামের বাসিন্দা।
প্রত্যক্ষদর্শী সমসের আলী বলেন, তারা ১০/১২ জন বাংলাদেশ অংশে জমিতে কাজ করছিলেন। কাজ শেষে বাড়ি ফেরার সময় হঠাৎ বিএসএফ ধাওয়া করে এবং সীমান্তের এপাড়ে এসে তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে।
বিজিবি ৩৫ ব্যাটেলিয়নের মুজিবনগর জগন্নাথপুর ক্যাম্পের কমন্ডার নায়েব সুবেদার শফিকুল ইসলাম বলেন, বিএসএফ সীমান্তের ৯৮/৬ সাব পিলার অতিক্রম করে বাংলাদেশের অভ্যন্তরে ঢুকে কৃষকদের লক্ষ্য করে গুলি চালায়। বিজিবি এই ঘটনার প্রতিবাদ করেছে।
এর আগে এ সীমান্ত দিয়ে এক ভারতীয় সেনা অস্ত্রসহ বাংলাদেশের অভ্যন্তরে ঢুকে পড়লে স্থানীয় কৃষকরা তাকে ধরে বিজিবির কাছে হস্তান্তর করে।
