‘যুদ্ধাপরাধের বিচার নিয়ে কেউ প্রশ্ন তোলেনি’
সরকারের কূটনৈতিক তৎপরতার কারণে মানবতাবিরোধী অপরাধের বিচার নিয়ে আনুষ্ঠানিকভাবে কেউ কোনো প্রশ্ন তুলতে পারেনি বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি।
একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির ২১ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শনিবার রাজধানীতে এক আলোচনা সভায় দীপু মনি বলেন, “কূটনৈতিক তৎপরতার কারণে একাত্তরের মানবতাবিরোধী অপরাধের বিচার নিয়ে কেউ আনুষ্ঠানিকভাবে প্রশ্ন তোলেনি।”
যুদ্ধাপরাধের বিচারের বিষয়ে সরকারের অবস্থান সম্পর্কে পররাষ্ট্রমন্ত্রী বলেন, “এ বিষয়ে কোথাও সরকার কোনো ছাড় দেয়নি এবং ভবিষ্যতেও বিন্দুমাত্র ছাড় দেবে না। তাই আশঙ্কার কিছু নেই।”
সম্প্রতি তুরস্কের একটি প্রতিনিধি দল পর্যটন ভিসায় বাংলাদেশে এসে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল পরিদর্শন করে। এ ঘটনা জানাজানির পর বিভিন্ন মহল থেকে তার প্রতিবাদ করা হয়। সংবাদ মাধ্যমের খবরে বলা হয়, তুরস্কের প্রেসিডেন্ট চিঠি পাঠিয়ে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীকে অনুরোধ করেছেন যেন যুদ্ধাপরাধে অভিযুক্তদের মৃত্যুদণ্ড না হয়।
এ বিষয়ে দীপু মনি বলেন, তুরস্কের সরকার স্পষ্ট করেছে যে, বাংলাদেশ সফর করা ওই প্রতিনিধি দলের সঙ্গে তাদের সরকারের কোনো সম্পর্ক নেই।
অবশ্য তুরস্কের প্রেসিডেন্টের চিঠি নিয়ে যে আলোচনা উঠেছে সে বিষয়ে কোনো কিছু বলেননি তিনি।
এরআগে তুরস্কের প্রেসিডেন্টের কাছ থেকে কোনো চিঠি আসার কথা অস্বীকার করেছিলেন পররাষ্ট্রমন্ত্রী।
আলোচনা সভায় জামায়াতে ইসলামীর পক্ষে অবস্থান নেয়ায় বিএনপির সমালোচনা করেন দীপু মনি।
তিনি বলেন, “আপনি যখন জানোয়ারদের (যুদ্ধাপরাধী) সঙ্গে লড়াই করছেন তখন নিরপেক্ষ হওয়ার কোনো সুযোগ নেই।”
বিএনপি নেতৃত্বাধীন চার দলীয় জোট সরকারের কথা তুলে ধরে আগামী নির্বাচনের আগে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান পররাষ্ট্রমন্ত্রী।
তিনি বলেন, “এই নির্বাচনের মধ্য দিয়েই নির্ধারিত হবে যুদ্ধাপরাধের বিচার চলবে না কি আমরা আবারো মধ্যযুগীয় বর্বরতায় ফিরে যাবো।”
একাত্তরের মানবতাবিরোধী অপরাধের বিচারের জন্য ক্ষমতাসীন আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোট সরকার ২০১০ সালের ২৫ মার্চ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গঠন করে। ট্রাইব্যুনালে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে মুক্তিযুদ্ধের বিরোধিতাকারী সংগঠন জামায়াতে ইসলামীর শীর্ষ ১০ এবং বিএনপির দুই নেতার বিচার চলছে।
এ মামলায় জামায়াতে ইসলামীর নায়েবে আমির দেলাওয়ার হোসাইন সাঈদী ও সহকারী সেক্রেটারি জেনারেল কাদের মোল্লার বিরুদ্ধে যে কোনো দিন রায় ঘোষণা করবে ট্রাইব্যুনাল। তাদের বিরুদ্ধে অভিযোগ শুনানি, প্রসিকিউশন ও আসামিপক্ষের আইনজীবীদের যুক্তিতর্ক উপস্থাপন শেষ হয়েছে।
