বিশ্ব সাহিত্য কেন্দ্রের পুরস্কার বিতরণী উৎসব শুরু
বিশ্ব সাহিত্য কেন্দ্রের বইপড়া কর্মসূচিতে অংশ নেয়া ঢাকা মহানগরীর স্কুলগুলোর বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ উৎসব শুক্রবার শুরু হয়েছে।
সকালে রাজধানীর রমনা পার্কের বটমূলে বেলুন উড়িয়ে দুই দিনব্যাপী এ উৎসবের উদ্বোধন করা হয়। ঢাকা মহানগরী থেকে অংশগ্রহণকারী ৮১টি স্কুলের ৬ হাজার ৬৭ জন শিক্ষার্থীর মাঝে দুই দিনে তিনটি পর্বে পুরস্কার বিতরণ করা হবে।
দেশে পর্যাপ্ত সংখ্যক ‘আলোকিত, উচ্চমূল্যবোধ ও উদার দৃষ্টিভঙ্গিসম্পন্ন মানুষ গড়ে তোলার’ উদ্দেশ্যে গত ৩৪ বছর ধরে সারাদেশের স্কুল-কলেজের শিক্ষার্থীদের জন্য বইপড়া কর্মসূচির আয়োজন করে আসছে বিশ্ব সাহিত্য কেন্দ্র। বর্তমানে সারাদেশে ছয় হাজার শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় ৭ লাখ শিক্ষার্থী এ কর্মসূচির সদস্য।
উদ্বোধনী অনুষ্ঠানে বিশ্ব সাহিত্য কেন্দ্রের সভাপতি অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদ বলেন, “পড়া মানে আনন্দ, পড়া মানে বিকাশ। আলোকিত হও মানে সুন্দর হও। সুন্দর সবকিছুকে নিজের মধ্যে ধারণ করতে পারলেই আলোকিত মানুষ হওয়া যাবে।”
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিক্ষাবিদ অধ্যাপক মুহম্মদ জাফর ইকবাল, তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা ও ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য জামিলুর রেজা চৌধুরী, তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ও বিশ্ব সাহিত্য কেন্দ্রের ট্রাস্টি বোর্ডের সদস্য মাহবুব জামিল, স্থপতি মোবাশ্বের হোসেনসহ আরো অনেকে।
