সরকারের বিরুদ্ধে ফারুকের মামলা খারিজ
হরতালে পিটুনির জন্য ১০ কোটি টাকা ক্ষতিপূরণ চেয়ে সরকারের বিরুদ্ধে বিএনপি নেতা জয়নুল আবদিন ফারুকের মামলা খারিজ করে দিয়েছে আদালত।
গত বছর করা এই মামলার গ্রণযোগ্যতার শুনানির পর বৃহস্পতিবার ঢাকার চতুর্থ যুগ্ম জেলা জজ শাহরিয়ার কবির খারিজের এই আদেশ দেন।
বিচারক বলেন, মামলাটি গ্রহণ করার মতো কোনো উপাদান নেই।
বিরোধীদলীয় প্রধান হুইপ ফারুক গত বছরের ৪ অক্টোবর সরকারসহ সাতজনকে বিবাদী করে আদালতে মামলা করেন।
এতে সরকারের পাশাপাশি বিবাদী করা হয়- স্বরাষ্ট্র মন্ত্রণালয়, স্বরাষ্ট্র সচিব, পুলিশের মহা-পরিদর্শক (আইজিপি), ঢাকা মহানগর পুলিশ কমিশনার (ডিএমপি), ডিএমপির উপ-কমিশনার (মোহাম্মদপুর) বিপ্লব সরকার, ডিএমপির উপ-কমিশনার (তেজগাঁও) হারুন-অর-রশীদ, ডিএমপির গোয়েন্দা ও অপরাধ তথ্য বিভাগের সহকারী-কমিশনার ওবায়দুল হক।
গত বছরের ৬ জুলাই বিরোধী দলের হরতালে সংসদ ভবনের সামনে পিকেটিংয়ের সময় পুলিশি হামলার শিকার হন সংসদ সদস্য ফারুক।
এর চার তিন পর ১০ জুলাই বিএনপির সংসদ সদস্য এ বি এম আশরাফ উদ্দিন নিজান বাদি হয়ে ঢাকার মুখ্য মহানগর হাকিমের আদালতে পুলিশের বিরুদ্ধে একটি মামলা করেন। আদালত ওই মামলাটিও খারিজ করে দেয়।
