বৈদ্যুতিক তার ছিড়ে মৃত্যু, সাব-স্টেশন ভাংচুর
নারায়ণগঞ্জের রূপগঞ্জে পল্লী বিদ্যুতের তারে জড়িয়ে মিলশ্রমিকের মৃত্যুর ঘটনায় পল্লী বিদ্যুতের সাব- স্টেশনে হামলা ও ভাঙচুর করেছে এলাকাবাসী।
বুধাবার রাত সাড়ে ৯টার দিকে উপজেলার কাঞ্চন পৌর এলাকায় মোর্শেদ মিয়া (২৪) নামে ওই শ্রমিক নিহত।
মোর্শেদ উপজেলার হাটাব মধ্যে পাড়া এলাকার হোসেন আলীর ছেলে।
এলাকাবাসী ও পুলিশ জানায়, বুধাবার রাত সাড়ে ৯টার দিকে উপজেলার কাঞ্চন পৌর এলাকার হোসেন আলীর ছেলে টেক্সটাইল মিল শ্রমিক মোর্শেদ একটি দোকানে বসে খাওয়ার সময় পল্লী বিদ্যুতের তার ছিড়ে তার উপর পড়লে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
মোর্শেদের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে এলাকার লোকজন ক্ষুব্ধ হয়ে পল্লী বিদ্যুতের কাঞ্চন সাব-স্টেশনে হামলা ও ভাঙচুর করে।
এ সময় সাব-স্টেশনের কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে আতঙ্ক দেখা দেয়।
নিহত মোর্শেদের বাবা হোসেন আলী অভিযোগ করেন, পল্লী বিদ্যুতের ত্রুটিপূর্ণ তার ছিড়ে পড়ে তার ছেলের মৃত্যু হয়েছে।
তবে নারায়ণগঞ্জ পল্লী বিদ্যুত সমিতির জেনারেল ম্যানেজার শাহ্ জুলফিকার জানান, ডিশ লাইনের কাজ করতে গিয়ে অন্ধকারে তারে জড়িয়ে ওই যুবকের মৃৃত্যু হয়েছে। তার ছিড়ে পড়ার বিষয়টি সঠিক নয়।
রূপগঞ্জ থানার ওসি মাঈনুর রহমান জানান, সাব-স্টেশন এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।
