হাবিপ্রবিতে ছাত্রলীগ-শিবির সংঘর্ষ
দিনাজপুরে হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (হাবিপ্রবি) এলাকায় ছাত্রলীগ ও ছাত্র শিবিরের সংঘর্ষে দুই জন আহত হয়েছেন।
বৃহস্পতিবার ক্যাম্পাস সংলগ্ন সড়কে আহতরা ছাত্রলীগ কর্মী বলে সংগঠনটি দাবি করেছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল ১১টার দিকে উভয় সংগঠনের নেতাকর্মীরা দেশীয় অস্ত্র নিয়ে দিনাজপুর-রংপুর মহাসড়কে সংঘর্ষে জড়িয়ে পড়ে। প্রায় আধা ঘণ্টা পর পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
ছাত্রলীগ হাবিপ্রবি শাখার সভাপতি ইফতেখারুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, শিবির বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে গোপনে তৎপরতা শুরু করলে বুধবার সাধারণ শিক্ষার্থীরা তাদের কয়েকজন কর্মীকে বিতাড়িত করে। এ সময় শিবিরের বিশ্ববিদ্যালয় শাখা সভাপতি আব্দুল মান্নানকে পুলিশে সোপর্দ করা হয়।
ওই ঘটনার জের ধরে ২০/২৫ জন শিবিরকর্মী বৃহস্পতিবার ছাত্রলীগের ওপর হামলা চালায়। এতে ছাত্রলীগ বিশ্ববিদ্যালয় শাখার সাংগঠনিক সম্পাদক মঞ্জুরুল আলম ও হাসানুজ্জামান সুমন আহত হন।
তবে দিনাজপুর শহর শাখা শিবিরের সাধারণ সম্পাদক আব্দুল কাইয়ুম উল্টো অভিযোগ করে বলেন, তাদের দুইকর্মী পরীক্ষা দিতে গেলে ছাত্রলীগ ধাওয়া করে ক্যাম্পাস থেকে বের করে দেয়।
বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার বলরাম রায় বলেন, ধাওয়া পাল্টাধাওয়ার খবর পেয়ে পুলিশকে জানালে তারা পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে।
কোতোয়ালি থানার ওসি আব্দুল কাদের জিলানী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বর্তমানে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন আছে।
