২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ডিইপিজেডে শ্রমিক-নিরাপত্তাকর্মী সংঘর্ষে আহত ১০

ঢাকা রপ্তানি প্রক্রিয়াজাতকরণ অঞ্চলে (ডিইপিজেড) নিরাপত্তা কর্মীদের সঙ্গে শ্রমিকদের সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছে।

সাভার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Jan 2013, 11:44 AM

Updated : 23 Aug 2022, 10:03 AM

বুধবার ডিইপিজেডের পুরাতন জোনে ‘হেলিকন (বিডি) লিমিটেড’ নামের একটি পোশাক কারখানার শ্রমিকদের সঙ্গে বেপজার নিরাপত্তা গোয়েন্দা কর্মীদের এ সংঘর্ষ হয় বলে পুলিশ জানিয়েছে।

শিল্প পুলিশের উপ-পরিচালক আলী আহম্মেদ খান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বেলা ১টার দিকে বেপজার নিরাপত্তা গোয়েন্দা কর্মী আশরাফ হোসেন বাইসাইকেল নিয়ে ভিতরে যাওয়ার সময় হেলিকন (বিডি) লিমিটেডের অপারেটর জহিরের (২২) সঙ্গে ধাক্কা লাগে।

এতে জহির পড়ে গিয়ে আঘাত পান। কিন্তু ওই নিরাপত্তাকর্মী উল্টো জহিরকে বকাঝকা করতে থাকেন। কথা কাটাকাটির এক পর্যায়ে তাকে মারধর করেন ওই নিরাপত্তাকর্মী।

এ খবর কারখানার ভিতরে ছড়িয়ে পরলে শ্রমিকরা বেপজার নিরাপত্তা কর্মীদের উপর হামলা চালালে সংঘর্ষ শুরু হয়। পরে পুলিশের একাধিক টিম ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

আহতদের বেপজা হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে বলে তিনি জানান।