বনানী কবরস্থানে শায়িত এম এ সাঈদ
প্রয়াত সাবেক প্রধান নির্বাচন কমিশনার এম এ সাঈদকে বুধবার বিকালে বনানী কবরস্থানে দাফন করা হয়েছে।
ইসি সচিবালয়ের জনসংযোগ পরিচালক এস এম আসাদুজ্জামান এ তথ্য জানান। এর আগে বাদ আসর গুলশানের আজাদ মসজিদে সাঈদের নামাজে জানাযা অনুষ্ঠিত হয়। এতে সিইসি কাজী রকিবউদ্দীন আহমদ, চার নির্বাচন কমিশনার ও কমিশন সচিব শরিক হন।
গত শনিবার সকালে ৭৬ বছর বয়সে গুলশানের নিজ বাসভবনে মৃতুবরণ করেন সাবেক এ সচিব। মৃত্যুকালে তিনি স্ত্রী শামীমা সাঈদ, এক মেয়ে বীনা সাঈদ ও ছেলে ববি সাঈদকে রেখে গেছেন।
আসাদুজ্জামান আরো বলেন, আগামী শুক্রবার বাদ জুমা মরহুমের বাসভবনে (বাসা-১১/এ. সড়ক ৭১, গুলশান-২) কুলখানি অনুষ্ঠিত হবে।
এম এ সাঈদ ১৯৩৭ সালে গোপালগঞ্জে জন্মগ্রহণ করেন। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজিতে সম্মান ও স্নাতেকাত্তর ডিগ্রি অর্জনের পর ১৯৬০ সালে পাকিস্তান সিভিল সার্ভিসে কর্মজীবন শুরু করেন। পরবর্তীতে তিনি বিটিভির মহা পরিচালক, মৎস্য ও প্রাণিসম্পদ, শিক্ষা, কৃষি ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে সচিবের দায়িত্ব পালন করেন।
২০০০ সালের মে থেকে ২০০৫ সালের মে পর্যন্ত প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন এম এ সাইদ। তার নেতৃত্বে ইসি ২০০১ সালে অষ্টম সংসদ নির্বাচন অনুষ্ঠান করে। তার আমলেই নির্বাচন কমিশনে আইনি সংস্কার শুরু হয়। রাজনৈতিক দলের নিবন্ধন প্রক্রিয়া, ইলেকট্রনিক ভোটিং মেশিন, জাতীয় পরিচয়পত্র প্রবর্তনের কাজ শুরু করেন তিনি, যা পরে এটিএম শামসুল হুদার নেতৃত্বাধীন কমিশন বাস্তবায়ন করে।
