ফরিদপুরে হত্যার দায়ে ৩ জনের যাবজ্জীবন
ফরিদপুরের মধুখালীতে এক কৃষককে হত্যার দায়ে দু’ভাইসহ তিনজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত।
এছাড়া আসামিদের প্রত্যেককে ১০ হাজার টাকা করে জরিমানা অনাদায়ে আরো ছয়মাস করে সশ্রম কারাভোগ করতে হবে।
বুধবার ফরিদপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ (প্রথম) আদালতের বিচারক মো. বারেকুজ্জামান আসামিদের উপিস্থিতি এ রায় দেন।
দণ্ডিতরা হলেন মধুখালীর গাড়াখোলার হান্নান বিশ্বাস (৪০), তার ভাই পান্নান বিশ্বাস (৩৬) এবং বনমালীদিয়ার জলিল (৩৮)।
আদালদের সরকারী কৌঁসুলি খসরুজ্জামান দুলু বলেন, ২০০৭ সালের ৪ নভেম্বর রাত সাড়ে ৮টার দিকে পূর্ব শত্রুতার জের ধরে আসামিরা মধুখালীর ফরিদপুর চিনিকল-ভাটিকান্দি সড়কে দেলমথুরাপুরের কৃষক মোহাম্মদ আলীকে (৩০) ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে।
ওই রাতেই নিহতের ভাই শামসুল হক বাদী হয়ে এ তিনজনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেন।
