২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে শান্তিপূর্ণ হরতাল

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Jan 2013, 06:04 AM

Updated : 23 Aug 2022, 10:03 AM

কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। গ্রেপ্তার করা হয়নি কোনো পিকাটারকে। 

বুধবার সকাল থেকে বন্দরনগরী চট্টগ্রামের বিভিন্ন এলাকায় ভারি যানবাহন কম চলতে দেখা গেছে। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বিভিন্ন সড়কে যানবাহনের সংখ্যা বাড়তে থাকে।

সকালে থেকে নগরী থেকে দূরপাল্লার বাস ছেড়ে না গেলেও ট্রেন ও বিমানের সকল ফ্লাইট ছেড়ে গেছে যথানিয়মে।

সিপিপি ও বাসদের কর্মীরা সকাল থেকে নগরীর নিউ মার্কেট, বাদামতলি এলাকায় অবস্থান নিয়ে পিকেটিং করে। তবে পুলিশ কাউকে গ্রেপ্তার করেনি।

বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি), বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ) ও গণতান্ত্রিক বাম মোর্চার ডাকে বুধবার সারা দেশে আধাবেলার এই হরতালে প্রধান বিরোধী দল বিএনপিও সমর্থন দিয়েছে।

সকালে রাজধানীতে বামপন্থীদের মিছিলে পুলিশ পেপার স্প্রে ও জল কামান ব্যবহার করে তাদের ছত্রভঙ্গ করে দেয়। এতে অন্তত ৩০ জন আহত হয় বলে প্রত্যক্ষদর্শীরা জানায়।

  সিপিবি চট্টগ্রাম জেলা সাধারণ সম্পাদক শাহ আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সিপিবি ও বাসদের কর্মীরা শান্তিপূর্ণভাবে হরতাল পালন করছে। বামপন্থীরা জ্বালাও-পোড়াও-ভাংচুরে বিশ্বাসী না।

“জ্বালানি তেলের মূল্য বাড়ানোর ফলে মানুষের ভোগান্তি বেড়েছে। ফলে মানুষ তার নিজের জীবনের তাগিদেই এই হরতালে সাড়া দিয়েছে”, বলেন তিনি।

নগরীর নিউমার্কেট চত্বরে এ সমাবেশে বাসদ চট্টগ্রাম জেলা আহবায়ক মানস নন্দী, সিপিবি সভাপতি মৃণাল চৌধুরী বক্তব্য দেন।  

হরতাল চলাকালে সকালে বিভিন্ন সরকারি অফিস খোলা থাকলেও উপস্থিতি কম ছিল। তবে ধীরে ধীরে কার্যক্রম স্বাভাবিক হয়ে আসে।

নগরীর ইপিজেডসহ বিভিন্ন এলাকার তৈরি পোশাক কারখানায় যথারীতি কাজ চলে। বন্দরের কার্যক্রমও স্বাভাবিক ছিল।

গত ৩ জানুয়ারি ডিজেল পেট্রোল, অকটেন ও কেরোসিনের দাম লিটারে সর্বোচ্চ সাত টাকা পর্যন্ত বাড়ালে তার প্রতিবাদ জানায় বামপন্থী দলগুলো। দাম কমাতে সরকারকে সময় বেঁধে দেয় তারা।

তার মধ্যে দাম কমানো না হওয়ায় ৯ জানুয়ারি সিপিবি সভাপতি সেলিম রাজধানীর কারওয়ান বাজারে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি) সামনে সিপিবি-বাসদের ধরনা কর্মসূচি থেকে ১৬ জানুয়ারি হরতালের ঘোষণা দেন। 

একই দাবিতে একইদিন আলাদাভাবে হরতালের ঘোষণা দেন গণতান্ত্রিক বামমোর্চার সমন্বয়ক জোনায়েদ সাকি।