২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নারায়ণগঞ্জে পিকেটার-শ্রমিক হাতাহাতি, পুলিশের লাঠিপেটা

বাম দলগুলোর হরতাল চলাকালে নারায়ণগঞ্জে পিকেটারদের সঙ্গে পরিবহন শ্রমিকদের হাতাহাতির ঘটনা ঘটেছে। এছাড়া হরতালকারীদের মিছিলে লাঠিপেটা করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

নারায়ণগঞ্জ প্রতিনিধি, বিডিনিউজ টোয়েন্টেফোর ডটকম

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Jan 2013, 05:01 AM

Updated : 23 Aug 2022, 10:03 AM

এ ঘটনায় সিপিবির কেন্দ্রীয় নেতা ও বাংলাদেশ গার্মেন্ট শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্রের সভাপতি অ্যাডভোকেট মন্টু ঘোষসহ বেশ কয়েকজন আহত হয়েছেন।

জেলা সিপিবি সভাপতি হাফিজুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, মন্টু ঘোষ কয়েকজন নেতা কর্মীকে নিয়ে সকাল ৭টার দিকে কেন্দ্রীয় বাস টার্মিনালে গিয়ে বাস চলাচল বন্ধ রাখার জন্য পরিবহন শ্রমিকদের অনুরোধ করেন।

কিন্তু বিষয়টি নিয়ে দুই পক্ষের মধ্যে বাগবিতণ্ডা শুরু হলে এক পর্যায়ে পরিবহন শ্রমিকরা মন্টু ঘোষেকে কিল-ঘুষি মেরে আহত করে।

এর প্রতিবাদে শহরের ২ নম্বর রেল গেট এলাকায় হরতাল সমর্থনকারীরা মিছিলের চেষ্টা করলে পুলিশের লাঠিপেটায় বেশ কয়েকজন নেতা কর্মীসহ হাফিজুল ইসলাম নিজেও আহত হন।

এর আগে ভোরে পিকেটাররা সড়কে টায়ার জ্বালিয়ে অবরোধ সৃষ্টির চেষ্টা করে এবং ঢিল ছুড়ে কয়েকটি বাস ভাংচুর করে।

তবে অন্য হরতালের তুলনায় এদিন রাস্তায় বেশি যানবাহন চলাচল করতে দেখা গেছে। সকাল থেকেই শহরে দেখা গেছে বিপুল সংখ্যায় পুলিশ।

নারায়ণগঞ্জ সদর মডের থানার পরিদর্শক আবদুর রাজ্জাক জানান, জনস্বার্থ বিঘ্নিত ও ভাংচুরের চেষ্টা করলে পুলিশ পিকেটারদের বাধা দেয়। জনগণের জানমাল রক্ষায় পুলিশ সর্বোচ্চ চেষ্টা করবে।

জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির প্রতিবাদে সারা দেশে আধাবেলার এই হরতাল করছে সিপিবি, বাসদ ও বাম মোর্চা।