নারী পাচার: নারায়ণগঞ্জে ৬ জনের সাজা
চাকরির প্রলোভন দেখিয়ে নারায়ণগঞ্জের কিশোরীকে ভারতের পতিতা পল্লীতে বিক্রির অভিযোগে একই পরিবারের ছয় জনকে কারাদণ্ড দিয়েছে আদালত।
মঙ্গলবার বিকালে জেলার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আসামিদের ১০ বছর করে কারাদণ্ড এবং ৫০ হাজার টাকা করে জরিমানার আদেশ দেয়।
জরিমানা অনাদায়ে তাদের আরো ছয় মাস করে কারাভোগ করতে হবে।
দন্ডপ্রাপ্তরা হলেন- বন্দর উপজেলার ছনখোলা এাকার আলী নূর, তার স্ত্রী নিয়াশা বেগম, তার দুই মেয়ে খুরশীদা বেগম নাজমা ও মুর্শিদা রাণী, ছেলে চাঁন শরীফ, আলী নূরের মেয়ের জামাই সেলিম মিয়া।
রায় ঘোষণার সময় নিয়াশা ও চাঁন শরীফ ছাড়া অন্যরা ছিলেন অনুপস্থিত।
আদালত সূত্রে জানা গেছে, ২০০৪ সালের ১৮ এপ্রিল বন্দর উপজেলার ছনখোলা এলাকার ইদ্রিস আলীর মেয়ে মাবিয়াকে (১৬) ভালো চাকরি দেয়ার কথা বলে আসামিরা ভারতে নিয়ে যায়। কিন্তু সেখানে নিয়ে তারা তাকে একটি পতিতাপল্লীতে বিক্রি করে দেয়।
এ ঘটনায় ২০০৬ সালের ২৫ ডিসেম্বর মাবিয়ার মা জোবেদা খাতুন বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা করেন।
তদন্ত শেষে পুলিশ ওই ছয়জনকে দোষী করে অভিযোগপত্র দেয়।
২০০৫ সালের ৫ ফেব্রুয়ারি চক্রটি কলাগাছিয়া এলাকার স্বপ্না (১৫) নামের অপর কিশোরীকে একই স্থানে পাচার করার অভিযোগ রয়েছে।
