চট্টগ্রামে ৬ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
চট্টগ্রামে পৃথক অভিযানে ছয় মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র্যাব ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
মঙ্গলবার নগরীর আন্দরকিল্লা, জুবলি রোড, বন্দরটিলা ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় দুই নম্বর গেট থেকে হেরোইন, ইয়াবা ও চোলাই মদসহ তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন- সাইফুল ইসলাম (২৫) ও সাগর পাল (২৩), তবারক হোসেন (২৮), আবুল কালাম (৫২), মো. হাসান (২৮) ও নবীন চাকমা (২৮)।
র্যাব-৭ এর স্টাফ অফিসার এএসপি মফিজুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, গ্রেপ্তার সাইফুল ও সাগর আগে থেকে মাদক নিয়ে আন্দরকিল্লা এলাকায় অবস্থান করছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে বিকাল পাঁচটার দিকে আন্দরকিল্লা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
এসময় তাদের কাছ থেকে ২২০গ্রাম হেরোইন এবং ৫০টি ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
এদিকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর চট্টগ্রাম মেট্রো-উপ অঞ্চলের সদস্যরা দিনভর নগরীতে ও হাটহাজারী এলাকায় অভিযান চালিয়ে ইয়াবা ও চোলাই মদসহ চার জনকে গ্রেপ্তার করে।
অধিদপ্তরের উপ-পরিচালক মুকুল জ্যোতি চাকমা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে সকালে হাটহাজারী থানাধীন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় দুই নম্বর গেট এলাকায় অভিযান চালিয়ে তবারক হোসেন (২৮) ও আবুল কালাম (৫২) নামে দুই মাদক ব্যবসায়ীকে ২০০ ইয়াবাসহ গ্রেপ্তার করা হয়।
তাদের স্বীকারোক্তি অনুযায়ী নগরীর কোতোয়ালী থানাধীন জুবলী রোডের তিনপুলের মাথা থেকে ৪০০ইয়াবাসহ হাসানকে গ্রেপ্তার করা হয়।
মুকুল জ্যোতি আরও জানান, বন্দরটিলার সিমেন্ট ক্রসিং এলাকায় অভিযান চালিয়ে ২০০ লিটার চোলাই মদ ও মদ তৈরির উপকরণসহ নবীন চাকমাকে গ্রপ্তার করা হয়।
এদিকে বিকালে নগরীর বরিশাল কলোনিতে অভিযান চালিয়ে একটি প্লাস্টিকের বস্তায় ৫৮ বোতল ফেনসিডিল ও ১৫ হাজার পাঁচশ টাকা পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করা হয়।
