২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

‘দুদকের তদন্তে ফল আসছে না’

দুর্নীতি দমন কমিশনের চলমান পদক্ষেপে পদ্মা সেতু প্রকল্পে দুর্নীতিতে জড়িত সবাইকে ধরা যাবে না বলে মনে করছে বিশ্ব ব্যাংক প্যানেল।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Jan 2013, 02:46 PM

Updated : 25 Apr 2022, 06:16 PM

এজন্য পূর্ণাঙ্গ তদন্তের ওপর জোর দিয়ে দুর্নীতি দমন কমিশনের কাছে সেই পদক্ষেপ প্রত্যাশা করছে তারা।

দুদকের কাছে আরো কিছু বিষয়ে ব্যাখ্যা চেয়েছে প্যানেল। তার জবাব পাওয়ার আগ পর্যন্ত অর্থায়নের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হচ্ছে না বলে স্পষ্ট করেছে প্যানেল।    

বিশ্ব ব্যাংক প্যানেলের প্রধান লুইস গাব্রিয়েল মোরেনো ওকাম্পো মঙ্গলবার এক বিবৃতিতে বলেন, পদ্মা সেতুর দুর্নীতির অভিযোগ নিয়ে দুদক যে তদন্ত করেছে এবং সে তদন্তের ভিত্তিকে কিছু গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছে।

“কিন্তু আমরা এই বিষয়গুলো মূল্যায়ন করে উদ্বেগের সঙ্গে লক্ষ্য করেছি, দুদকের তদন্ত এবং সংস্থাটির এখন পর্যন্ত নেয়া পদক্ষেপের মধ্য দিয়ে পদ্মা সেতুর দুর্নীতির প্রমাণ পাওয়ার তেমন সুযোগ নেই।”

“আর এ কারণেই আমরা মনে করি একটি সম্পূর্ণ এবং নিরপেক্ষ তদন্তের পথ বের করা প্রয়োজন,” বলেন তিনি।

বিশ্ব ব্যাংকের পর্যবেক্ষক প্যানেলের প্রধানের নামে বিশ্ব ব্যাংক ঢাকা অফিস থেকে সন্ধ্যায় এই বিবৃতিটি পাঠানো হয়েছে।

বিবৃতিতে বলা হয়, সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের স্বার্থে দুদকের কাছ থেকে প্যানেলের পক্ষ থেকে কিছু ব্যাখ্যা চাওয়া হয়েছে। সে সময় পর্যন্ত বিশ্ব ব্যাংকের অর্থায়নের ব্যাপারে অপেক্ষা করতে হবে।

ওকাম্পো নেতৃত্বাধীন এই প্যানেল গত ডিসেম্বরে দুদক কর্মকর্তাদের সঙ্গে মতৈক্য নিয়েই ঢাকা ছেড়ে যায়।

আসামি কাদের কাদের করা হবে- সে বিষয়ে মতপার্থক্য নিয়ে তারা ঢাকা ছাড়ার ১২ দিন পর গত ১৭ ডিসেম্বর দুদক দুর্নীতির ষড়যন্ত্রের অভিযোগে মামলা করে।

বিশ্ব ব্যাংকের প্যানেলের অবস্থান সম্পর্কে দুদক চেয়ারম্যান গোলাম রহমান মঙ্গলবার সাংবাদিকদের বলেন, “তদন্ত প্যানেল দ্বিতীয় সফরে আমাদের জানিয়েছিল, সৈয়দ আবুল হোসেনের সঙ্গে এসএনসি লাভালিনের সাক্ষাতকারের সময় প্রকল্প ব্যয়ের চার শতাংশ কমিশন (ঘুষ) দেয়ার বিষয়ে আলোচনা হয়েছিল।

“চার শতাংশ কমিশনের এ বিষয়টি দুদক প্রমাণ হিসেবে গ্রহণ করতে পারে কি না- এ বিষয়ে জিজ্ঞাসাও করে তদন্ত প্যানেল।”

“এর উত্তরে আমরা জানিয়েছি- যেহেতু ঘটনাটি বাংলাদেশে ঘটেছে এবং এর তদন্ত ও বিচার হবে বাংলাদেশের আইন অনুয়ায়ী। সুতরাং এ বিষয়ে দালিলিক কোনো প্রমাণ ছাড়া আবুল হোসেনের বিরুদ্ধে মামলা করা আইনানুগভাবে সম্ভব না,” দুদকের অবস্থান জানান চেয়ারম্যান।