২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সড়ক দুর্ঘটনায় সাত জেলায় নিহত ১২

পৃথক সড়ক দুর্ঘটনায় সাত জেলায় ১২ জন নিহত হয়েছেন। আহত হন আরো অন্তত পাঁচ জন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

ঢাকা, প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Jan 2013, 12:45 PM

Updated : 23 Aug 2022, 10:03 AM

এর মধ্যে সিরাজগঞ্জের শাহজাদপুরে তিন জন, ময়মনসিংহে তিন জন, গাজীপুরে দুই জন এবং নাটোর, চাঁদপুর, মানিকগঞ্জ ও গাইবান্ধায় একজন করে নিহত হন।।

সোমবার গভীর রাত ও মঙ্গলবার এসব দুর্ঘটনা ঘটে।

বিভিন্ন স্থান থেকে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিনিধিদের পাঠানো খবর-

সিরাজগঞ্জ: শাহজাদপুরে বাস ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে তিন জন নিহত হয়েছেন।

শাহজাদপুর থানার ওসি মতিয়ার রহমান জানান, সোমবার গভীর রাতে নগরবাড়ী-বগুড়া মহাসড়কের বিন্নাদাইর এলাকায় বগুড়া থেকে পাবানার বেড়াগামী একটি সিএনজি অটোরিকশার সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে তিন জন নিহত হন।

নিহতরা হলেন-পাবনার সাঁথিয়া উপজেলার করমজা মল্লিকপাড়া গ্রামের রাজ্জাক মল্লিকের ছেলে রাজীব মল্লিক (২২), একই এলাকার সরদারপাড়ার আমজাদ মাস্টারের ছেলে প্রিন্স (২৫) ও একই উপজেলার দত্তকাদি গ্রামের বাবু শাহের ছেলে নাজমুল হোসেন (২৪)।

ময়মনসিংহ: মঙ্গলবার বেলা আড়াইটায় গৌরিপুর উপজেলার গাজীপুর এলাকায় পিকআপ এবং সিএনজির মুখোমুখি সংঘর্ষে দাদা, দাদি ও নাতি নিহত হন। এ সময় আরো ৩ জন আহত হন বলে জানান গৌরিপুর থানার ওসি হামিদুল ইসলাম।

এরা হলেন- ঈশ্বরগঞ্জ উপজেলার ইন্দ্রজিতপাড়ার জসিমউদ্দিন (৭০), তার স্ত্রী আমেনা খাতুন (৫০) ও নাতি আব্দুল কাইয়ুম (১৫)।

গাজীপুর: মঙ্গলবার গাজীপুরে এক সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত হয়েছেন।

তারা হলেন- কালিয়াকৈর উপজেলার নাবিরবহর গ্রামের মোহর আলীর ছেলে সিএনজি অটোরিকশা চালক হেলাল উদ্দিন (৪০) ও গাজীপুর সদর উপজেলার পিরুজালী গ্রামের নূরে আলম (৫০)।

শ্রীপুর থানার উপ-পরিদর্শক (এসআই) মো. সানোয়ার হোসেন জানান, সকালে শ্রীপুরের মনসুরাবাদ এলাকায় কয়লা ভর্তি ট্রাক ও সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থলেই অটোচালক হেলাল নিহত হন।

এ ঘটনায় আরো দুজন আহত হন বলে জানান এসআই।

অপরদিকে সদর উপজেলার ভাওয়াল মির্জাপুর এলাকার মির্জাপুর মাস্টারবাড়ি সড়কে ট্রাকচাপায় নূরে আলম নামে এক পথচারী নিহত হন বলে জানায় পুলিশ।

চাঁদপুর: চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার ধানুয়ায় ট্রাক্টর চাপায় এক শিশু নিহত হয়েছে।

নিহত জিহাদ (৮) ধানুয়া এলাকার প্রবাসী মো. আলমের ছেলে।

এই ঘটনায় বিক্ষুব্ধ এলাকাবাসী মঙ্গলবার বেলা ১১টা থেকে ১২টা পর্যন্ত একঘণ্টা চাঁদপুর-ফরিদগঞ্জ সড়ক অবরোধ করে রাখে। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

ফরিদগঞ্জ থানার ওসি সুব্রত ব্যানার্জী জানান, শিশু জিহাদ মানসিক প্রতিবন্ধী। সে বাড়ির সামনে সড়ক পার হতে গিয়ে এই দুর্ঘটনার শিকার হয়।

নাটোর: মঙ্গলবার সকালে বাগাতিপাড়া উপজেলার জিগরী গ্রামের স্কুলে যাওয়ার পথে বালুবাহী একটি ট্রলির ধাক্কায় ঘটনাস্থলেই নিহত হয় স্কুলছাত্রী জিয়াসমিন রহমান।

থানার ওসি ফরিদুল ইসলাম জানান, জিয়াসমীন এলাকার জিয়াউর রহমানের মেয়ে। সে ব্র্যাক স্কুলে প্রথম শ্রেণিতে পড়ত।

মানিকগঞ্জ: সদর উপজেলার ঢাকা-আরিচা মহাসড়কে সড়ক বাসের চাপায় রমজান আলী (৭) নামের এক শিশু নিহত হয়েছে।

মঙ্গলবার সকাল ১০ টার দিকে মানরা এলাকায় এ দূর্ঘটনা ঘটে।

সদর থানার ওসি মো. সফিকুল ইসলাম জানান, রাস্তা পার হওয়ার সময় ঢাকাগামী একটি যাত্রীবাহী কোচ রমজানকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

গাইবান্ধা: গাইবান্ধা-নাকাইহাট সড়কের সুন্দরজান মোড়ে মঙ্গলবার ট্রাক্টর চাপায় নবীর হোসেন (৪৫) নামে এক বাদাম বিক্রেতা নিহত হন।

নিহত নবীর হোসেন সদর উপজেলার রামচন্দ্রপুর ইউনিয়নের হরিনসিংহা গ্রামের মৃত কমর উদ্দিনের ছেলে।

সদর থানার ওসি গোপাল চক্রবর্তী  জানান, রাস্তা পারাপারের সময় দ্রুতগামী একটি অটোরিকশা নবীরকে ধাক্কা দিলে সে ছিটকে সড়কে পরে যায়। পরে মাটি বোঝাই অপর একটি ট্রাক্টর চাপায় নবীর ঘটনাস্থলেই নিহত হন।