শিক্ষকদের বসতেই দিচ্ছে না পুলিশ
এমপিওভুক্তির দাবিতে আন্দোলনরত শিক্ষকদের এবার ন্যাম ভবনের সামনে থেকেও তুলে দিয়েছে পুলিশ।
এ সময় পুলিশ দুই শিক্ষককে আটক করে নিয়ে যায় বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন আন্দোলনরত শিক্ষকদের কেন্দ্রীয় কমিটির সদস্য মুক্তাদের আজাদ খান।
তিনি বলেন, “পুলিশের বাধা পেয়ে শিক্ষকরা ছত্রভঙ্গ হয়ে গেছেন। টিএসসি এলাকায় অনশনে বসা যায় কিনা আমরা সেই চেষ্টা করছি।”
গত কয়েক দিন ধরেই এমপিও দাবিতে আন্দোলনরত শিক্ষকদের কর্মসূচি পালনে বাধা দিচ্ছে পুলিশ। পুলিশি বাধা পেয়ে শিক্ষকরা বিচ্ছিন্নভাবে বিভিন্ন জায়গায় কর্মসূচি পালন করেছেন।
এদিকে এমপিওর দাবিতে আন্দোলরত এক শিক্ষক পটুয়াখালীতে মারা গেছেন বলে জানিয়েছেন তার এক সহকার্মী সহকর্মীরা। ঢাকার আন্দোলনকারীরা অভিযোগ করেছেন, পুলিশের পিটুনিতে আহত হয়ে বাড়ি ফিরে মৃত্যু হয়েছে তার।
তবে পটুয়াখালীর চিকিৎসক ও শিক্ষক নেতারা বলছেন, ওই শিক্ষকের মৃত্যু হয়েছে হৃদরোগে।
নিহত সেকেন্দার আলী (৪৫) পটুয়াখালীর দুমকী উপজেলার চরবয়রা মডেল বালিকা দাখিল মাদ্রাসার সহকারী শিক্ষক। তিনি নন এমপিও শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষক কর্মচারী ঐক্যজোটের পটুয়াখালী জেলার সাংগঠনিক সম্পাদক ও দুমকি উপজেলা জামায়াতের সাবেক সেক্রেটারি জেনারেল ছিলেন।
নন এমপিও শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষক কর্মচারী ঐক্যজোটের সহ-সভাপতি রাশেদুল ইসলাম তপন মঙ্গলবার সাংবাদিকদের সেকেন্দারের মৃত্যুর খবর জানান।
তিনি বলেন, “গত সপ্তাহে প্রেসক্লবারের সামনে পুলিশি হামলায় আহত হওয়ার পর সেকেন্দারকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেয়া হয়। একটু সুস্থ হয়ে উঠলে গত ১৩ জানুয়ারি বাড়ি যান সেকেন্দার। মঙ্গলবার ভোরে তিনি মারা যান।”
সেকেন্দার আলী অসুস্থ হয়ে পড়লে ভোরে শহরের লুসান হেলথ কেয়ার সেন্টারে নিয়ে গিয়েছিলেন পরিবারের সদস্যরা।
সেন্টারের চিকিৎসক ডেভিড রোজারিও বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম পটুয়াখালী প্রতিনিধিকে জানান, “হাসপাতালে আসার আগেই সেকেন্দারের মৃত্যু হয়। হৃদরোগে আক্রান্ত হয়ে তার মৃত্যু হয়েছে বলে রিপোর্ট দেয়া হয়েছে। পরিবারের কেউ এ ব্যাপারে কোনো ময়না তদন্ত চাননি।”
পটুয়াখালী জেলা জামায়াতের আমীর ফখরুদ্দিন রাজী বলেন, “শিক্ষক নেতা সেকেন্দার আলীর স্বাভাবিক মৃত্যু হয়েছে। দুপুরে জানাজা শেষে তার দাফন হয়েছে।”
নিহত সেকেন্দারের সহকর্মী ও জেলা মাদ্রাসা শিক্ষক পরিষদের সহ-সাধারণ সম্পাদক মাওলানা আলমগীর হোসেন জানান, সেকেন্দার এ সংগঠনের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছিলেন। সোমবারও তিনি সবার সঙ্গে সভা করেন আন্দোলন নিয়ে।
“তখন তিনি জানান, ঢাকায় আন্দোলনের সময় তিনি আহত হয়েছিলেন। সভায়ও তাকে স্বাভাবিক বলেই মনে হয়েছে। তবে মঙ্গলবার ভোরে জানতে পারি, তিনি মারা গেছেন।”
এমপিওভুক্তির দাবিতে গত ৭ জানুয়ারি থেকে নন এমপিও শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষক কর্মচারী ঐক্যজোটের ব্যানারে বিভিন্ন কর্মসূচি পালন করছেন নন এমপিও শিক্ষা প্রতিষ্ঠানের কয়েকশ শিক্ষক-কর্মচারী।
শিক্ষা ভবন ঘেরাও করতে গেলে শিক্ষকদের সঙ্গে পুলিশের ধাওয়া, পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। পরের দিন শিক্ষা ও অর্থ মন্ত্রণালয় ঘেরাও করার সময় শিক্ষকদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়। এরপর শিক্ষকরা আমরণ অনশনের কর্সসূচি ঘোষণা করেন।
জাতীয় প্রেসক্লাবের সামনে শিক্ষকদের অনেশনে বসতে বাধা দেয় পুলিশ। পরে তারা কেন্দ্রীয় শহীদ মিনারের পাদদেশে অনশনে বসেন। সেখান থেকেও পিপার স্প্রে করে শিক্ষকদের সরিয়ে দেয় পুলিশ।
পরে সোহরাওয়ার্দী উদ্যনের উন্মুক্ত মঞ্চে অনশন করেন আন্দোলনরত শিক্ষক-কর্মচারীরা। মানবাধিকার কমিশনের সামনে অনশনে বসতে গেলেও পুলিশি বাধায় পড়েন শিক্ষক-কর্মচারীরা।
শিক্ষকরা জানান, স্বীকৃতিপ্রাপ্ত প্রায় সাত হাজার শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওর অপেক্ষায় আছে। এসব প্রতিষ্ঠানে এক লাখের মতো শিক্ষক-কর্মচারী কর্মরত রয়েছেন।
এসব শিক্ষা প্রতিষ্ঠান এমপিওর দাবিতে দীর্ঘ দিন থেকেই আন্দোলন করছিলেন প্রতিষ্ঠানগুলোতে কর্মরত শিক্ষকরা। গত মে মাসে এ নিয়ে শিক্ষামন্ত্রীর সঙ্গে আন্দোলনরত শিক্ষকদের বৈঠকও হয়।
পরবর্তীতে ৫ সেপ্টেম্বর শিক্ষা সচিব কামাল আবদুল নাসের চৌধুরীর সঙ্গেও বৈঠক করেন তারা। ১ সেপ্টেম্বর তাদের আন্দোলনে কর্মসূচিতে লাঠিপেটা করে পুলিশ।
প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে শিক্ষকদের সঙ্গে প্রধানমন্ত্রী বৈঠক করবেন বলে আশ্বাস দেয়ার পর কর্মসূচি স্থগিত করেন শিক্ষকরা। যদিও ওই বৈঠক পরে স্থগিত করা হয়।
এরপর গত ৩০ ডিসেম্বর এক সংবাদ সম্মেলনে দাবি মেনে নিতে সরকারকে ৫ জানুয়ারি পর্যন্ত সময় বেঁধে দেন শিক্ষকরা। এর মধ্যে দাবি আদায় না হওয়ায় সোমবার থেকে ফের লাগাতার অবস্থান কর্মসূচি শুরু করেন তারা।
