ট্রাইব্যুনালে সাঈদীর ৬ আবেদন খারিজ
যুদ্ধাপরাধের মামলায় বিচারাধীন জামায়াতে ইসলামীর নায়েবে আমির দেলাওয়ার হোসাইন সাঈদীর ছয়টি আবেদন খারিজ করে দিয়েছে প্রথম যুদ্ধাপরাধ ট্রাইব্যুনাল।
ওগুলোকে অযৌক্তিক আখ্যা দিয়ে ট্রাইব্যুনাল আরো জানিয়েছে যে, কিছু আবেদন আগেই নিষ্পত্তি করা হয়েছিল।
সোমবার বিচারপতি ফজলে কবীর নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ খারিজের এই আদেশ দেয়।
এদিন সাঈদীর আইনজীবীরা আরো জেরা করার জন্য সাঈদীর মামলার তদন্ত কর্মকর্তাকে এবং আসামি পক্ষের ১৩দশ সাক্ষী সাঈদীর ছেলে মাসুদ সাঈদীকে আরো প্রমাণ উপস্থাপনের জন্য আদালতে হাজির করার আবেদন করেন।
সাঈদীর মামলায় প্রসিকিউশনের সাক্ষীদের জন্য এ পর্যন্ত কতটি সমন জারি করা হয়েছে জানতে এবং তাকে নিজের পক্ষে আবারো কথা বলতে দেয়ার জন্যও আবেদন করে আসামি পক্ষ।
সাক্ষীদের আবাসস্থলের কর্মকর্তাদের আদালতে সাক্ষী হিসেবে ডাকার জন্য আরেকটি আবেদন করা হয়।
সাঈদীর আইনজীবী মিজানুল ইসলাম মামলার জেরা শেষ করতে তার আরো সময়ের প্রয়োজন জানিয়ে ছয়টি অধিবেশনের বেশি সময় দেয়ার আবেদন জানান।
৩ জানুয়ারি আসামি পক্ষকে ওই সময় বেধে দেয় ট্রাইব্যুনাল।
সবগুলো আবেদন খারিজ করে ট্রাইব্যুনাল বলে, আদালত পুনর্গঠিত হওয়ায় বিচারকরা আবার যুক্তিতর্ক আবার শুনবেন। এজন্য প্রসিকিউশনকে চার অধিবেশন এবং আসামি পক্ষের জন্য ছয় অধিবেশন বরাদ্দ করে।
দুপুরের বিরতির পর পর্যন্ত এ মামলার কার্যক্রম চলে। মঙ্গলবার অধিবেশন শুরু হলে সাঈদীর যুদ্ধাপরাধ মামলার পুনর্বিচারের আবেদন খারিজে ৩ জানুয়ারি ট্রাইব্যুনালের দেয়া আদেশের পর্যালোচনার আবেদনের শুনানির কথা রয়েছে।
একাত্তরে ৩ হাজারেরও বেশি নিরস্ত্র ব্যক্তিকে হত্যা বা হত্যায় সহযোগিতা, ধর্ষণ, অগ্নিসংযোগ, লুটপাট, ভাংচুর ও ধর্মান্তরে বাধ্য করাসহ মানবতাবিরোধী অপরাধের ২০টি ঘটনায় গত বছর ৩ অক্টোবর অভিযোগ গঠনের মধ্য দিয়ে সাঈদীর বিচার শুরু করে প্রথম ট্রাইব্যুনাল।
মানবতাবিরোধী অপরাধের মামলায় আটক জামায়াত নেতাদের মধ্যে দেলাওয়ার হোসাইন সাঈদীর বিরুদ্ধেই সবার আগে অভিযোগ গঠন হয়। সাক্ষ্যগ্রহণ শুরু হয় গত বছরের ৭ ডিসেম্বর।
তদন্ত কর্মকর্তা হেলাল উদ্দিনসহ মোট ২৮ জন এই মামলায় সাঈদীর বিরুদ্ধে সাক্ষ্য দেন। এছাড়া তদন্ত কর্মকর্তার কাছে দেয়া ১৫ সাক্ষীর জবানবন্দি ট্রাইব্যুনাল সাক্ষ্য হিসাবে গ্রহণ করে। আসামিপক্ষে ১৭ জনের সাফাই সাক্ষ্য শেষ হয় গত ২৩ অক্টোবর।
মুক্তিযুদ্ধের সময় পিরোজপুরে হত্যা, লুণ্ঠন, নির্যাতনসহ বিভিন্ন অভিযোগে দায়ের করা একটি মামলায় ২০১০ সালের ২৯ জুন গ্রেপ্তার করা হয় সাবেক সংসদ সদস্য সাঈদীকে। পরের বছর ১৪ই জুলাই তার বিরুদ্ধে অভিযোগ আমলে নেয় ট্রাইব্যুনাল।
সাঈদী ছাড়াও জামায়াতের সাবেক ও বর্তমান আমিরসহ নয় শীর্ষ নেতা এবং বিএনপির দুই নেতার বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে।
