২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

তাজরীনে আগুন: গ্রেপ্তার ৩ জন রিমান্ডে

তাজরীন ফ্যাশনসে অগ্নিকাণ্ডে মামলায় জিজ্ঞাসাবাদের জন্য আরো তিনজনকে তিন দিনের জন্য হেফাজত পেয়েছে সিআইডি।

আদালত প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Jan 2013, 04:32 PM

Updated : 25 Apr 2022, 06:15 PM

রোববার ঢাকার জ্যেষ্ঠ বিচারিক হাকিম কাজী শহিদুল ইসলাম হেফাজতের (রিমান্ড) এই আদেশ দেন।

মামলার তদন্ত কর্মকর্তা, পুলিশের অপরাধ তদন্ত বিভাগের অতিরিক্ত কমিশনার মনসুর আলী মণ্ডল তাদেরকে জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের হেফাজতে চেয়েছিলেন।

যাদেরকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদের অনুমতি মিলেছে, তারা হলেন-  তাজরীনের ভারপ্রাপ্ত নিরাপত্তা  কর্মকর্তা মো. আনিস, নিরাপত্তা প্রহরী মো. রানা, সুতার গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা আল আমিন।

হেফাজেতের আবেদনে বলা হয়, এদের অবহেলা ও তাচ্ছিল্যের কারণেই গত বছরের ২৪ নভেম্বর আশুলিয়ার নিশ্চিন্তপুরের তাজরীন ফ্যাশনসে অগ্নিকাণ্ড সংঘটিত হয় বলে প্রাথমিক প্রমাণ পাওয়া গেছে।

আসামিদের পক্ষে অ্যাডভোকেট মো. হাবিবুর রহমান জামিনের আবেদন করলেও তা নাকচ হয়।

ওই কারখানায় অগ্নিকাণ্ডে শতাধিক শ্রমিকের মৃত্যুর পর আশুলিয়া থানার উপ-পরিদর্শক কামরুল ইসলাম বাদী হয়ে মামলাটি করেন।