২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

কাজে ফিরছে ফুজির শ্রমিকরা

দাবি মেনে নেয়ার আশ্বাসে আন্দোলন প্রত্যাহার করে নিয়েছে নারায়ণগঞ্জের ফুজি গার্মেন্ট শ্রমিকরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নারায়ণগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Jan 2013, 04:30 PM

Updated : 25 Apr 2022, 06:15 PM

রোববার দুপুরে শ্রমিকদের দাবি মেনে নেয়ার ঘোষণা দেয় গার্মেন্ট কর্তৃপক্ষ।

আন্দোলনরত শ্রমিক মোবারক, জসিম জানায়, শহরের বঙ্গবন্ধু সড়কের পাশে অবস্থিত ফুজি নিটওয়্যারের প্রতিষ্ঠানে ছাঁটাইকৃত শ্রমিকদের পুনর্বহাল ও  বেতন- বোনাস বৃদ্ধিসহ সাত দফা দাবিতে গত চার দিন ধরে বিক্ষোভ মিছিল ও  সমাবেশে করে আসছিল।

শ্রমিকদের আন্দোলনের পরিপ্রেক্ষিতে দুপুরে মালিক পক্ষের সঙ্গে শ্রমিকদের বৈঠক অনুষ্ঠিত হয়।

আলোচনার এক পর্যায়ে শ্রম আইন অনুযায়ী ৬টি দাবি মেনে নেয় মালিকপক্ষ। তবে ছাঁটাইকৃত দুই শ্রমিককে পুনর্বহাল না করে তাদের পাওনাদি পরিশোধ প্রদানের সিদ্ধান্ত নেয়া হয়।

বৈঠকে মালিক পক্ষে উপস্থিত ছিলেন, গার্মেন্ট মালিক ইকবাল হোসেন, জিএম হারুন অর রশীদ, বিকেএমইএ এর লেবার স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান জিএম ফারুক, শ্রমিকদের পক্ষে ট্রেড ইউনিয়ন কেন্দ্রর ইকবাল হোসেন, হারুন অর রশীদ, মোসলেম উদ্দিন, অঞ্জন দাস, মোবারক হোসেন, জসীম প্রমুখ।

বৈঠক শেষে চাষাঢ়া কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রমিক সমাবেশে আন্দোলন কর্মসূচির সমাপ্তি ঘোষণা করেন শ্রমিক নেতারা।

গার্মেন্টটির শ্রমিক নেতা অঞ্জন দাস জানান, মালিক ও শ্রমিকপক্ষের সৌহার্দ্যপূর্ণ আলোচনায় শ্রমিকদের অধিকাংশ দাবি মেনে নেয়ায় আমরা  সোমবার থেকে কাজে যোগ দিব। 

এ ব্যাপারে বিকেএমইএ’র লেবার স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান জিএম ফারুক জানান, গার্মেন্ট মালিক ও শ্রমিকদের সঙ্গে বিকেএমইএ এর আলোচনার ভিত্তিতে শ্রমিকদের দাবি মেনে নেওয়া হয়েছে।

ছাঁটাইকৃত দুই শ্রমিককে শ্রম আইনের ২৬(১) ধারায় পাওনাদি পরিশোধ করা হবে বলেও জানান তিনি।