শাবিতে হবে পদার্থবিজ্ঞান অলিম্পিয়াড
সিলেট বিভাগের শিক্ষার্থীদের নিয়ে ১৮ জানুয়ারি শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হবে বাংলাদেশ পদার্থবিজ্ঞান অলিম্পিয়াড।
, জানুয়ারি ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-
রোববার বাংলাদেশ পদার্থ বিজ্ঞান অলিম্পিয়াড সিলেট বিভাগীয় সদস্য সচিব অধ্যাপক শরীফ মোহাম্মদ শরাফ উদ্দিন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞাপ্ততে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়েছে, সপ্তম থেকে দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীরা তিনটি ক্যাটাগরিতে প্রতিযোগিতায় অংশ নিতে পারবে। প্রতিযোগীদের ১৬ জানুয়ারির মধ্যে ওয়েবসাইটে (www.bdpho.org) লগ ইন করে অনলাইনে রেজিস্ট্রেশন করতে হবে।
অংশগ্রহনকারী প্রত্যেককে সার্টিফিকেট এবং ফলাফলের ভিত্তিতে মেডেল প্রদান করা হবে। মেডেল প্রাপ্তরা ঢাকায় অনুষ্ঠেয় জাতীয় প্রতিয়োগিতায় অংশ নিতে পারবে।
অন্যদিকে একই বিশ্ববিদ্যালয়ে রোববার শেষ হয়েছে দেশি-বিদেশি প্রকৌশলীদের ৩ দিনব্যাপী বিজ্ঞান বিষয়ক আন্তর্জাতিক সম্মেলন।
বিশ্ববিদ্যালয়ের ফলিত বিজ্ঞান অনুষদ “ইন্টারন্যাশনাল কনফারেন্স অন ইজ্ঞিনিয়ারিং রিসার্চ, ইনোভেশন অ্যান্ড এডুকেশন ২০১৩” শীর্ষক সম্মেলনের আয়োজন করে।
সম্মেলনের শেষ দিন বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তন ও একাডমিক ভবন ‘ই’ তে টেকনিক্যাল সেশন অনুষ্ঠিত হয়।
বিকেল ৫টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক ইলিয়াস উদ্দিন বিশ্বাস।
সন্ধ্যা ৭ টায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের পরিবেশনায় সাংসকৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে ৩ দিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলন শেষ হয়।
সম্মেলনের সদস্য সচিব ড. মোজাম্মেল হক জানান, সম্মেলনের মূল উদ্দেশ্য ছিল-গবেষক, প্রযুক্তিবিদ, শিল্পখাতের অভিজ্ঞজন, বিভিন্ন গবেষনা কেন্দ্র ও বিশ্ববিদ্যালয়ের মধ্যে একটি সেতু বন্ধন রচনা করা, যার মাধ্যমে এই শতাব্দির চ্যালেঞ্জ মোকাবিলা করা যাবে।
তিন দিনব্যাপী এই আন্তর্জাতিক সম্মেলনে ৪টি মূল প্রবন্ধ উপাস্থাপন ছাড়াও ২৩টি টেকনিক্যাল সেশনে ১৮৫টি প্রবন্ধ উপাস্থাপন করা হয়। এতে বাংলাদেশ, আমেরিকা, কানাডা, জাপান, ইতালি, কোরিয়া, ভারত ও মালয়শিয়াসহ ২০টি দেশের দুইশ’র বেশি বিজ্ঞানী ও গবেষক অংশ নেন।
