বাড্ডায় গুলিতে আহত যুবকের মৃত্যু
রাজধানীর বাড্ডার সাতারকুলে সন্ত্রাসীদের গুলিতে আহত যুবক শুক্রবার মারা গেছেন।
নিহত যুবকের নাম আমীর হোসেন (২৫)।
গত মঙ্গলবার সকাল ৮টার দিকে কৃষকদের জন্য খাবার নিয়ে যাওয়ার সময় সন্ত্রাসীদের গুলিতে তিনি আহত হয়েছিলেন।
এ অবস্থায় প্রথমে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে এবং পরে কলাবাগানের একটি ক্লিনিকে ভর্তি করা হয়। শুক্রবার রাত ১টার দিকে তিনি মারা যান।
এ ঘটনায় ওই দিন একটি মামলা হয় বলে বাড্ডা থানার ওসি মো. ইকবাল হোসেন জানিয়েছেন।
ওসি জানান, ওই দিন দুপুরে স্থানীয় জয়নাল গ্রুপ ও আলমগীর গ্রুপের মধ্যে গোলাগুলি হয়। সকালে আমীরকে এক গ্রুপের সদস্য মনে করে আরেক গ্রুপ গুলি চালায়।
আমীর কোন গ্রুপের সঙ্গে জড়িত ছিল না বলে তিনি জানান।
