২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আর্টক্যাম্প: শিল্পীর রং-তুলিতে সংসদ ভবন

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Jan 2013, 01:07 PM

Updated : 23 Aug 2022, 10:02 AM

‘বর্ণে বর্ণিল স্বপ্নে উজ্জ্বল আমাদের জাতীয় সংসদ ভবন’ শীর্ষক দুই দিনব্যাপী আর্ট ক্যাম্প শুক্রবার ঢাকায় শুরু হয়েছে।

সকালে সংসদ ভবনের দক্ষিণে মানিক মিয়া এভিনিউতে প্রথমবারের মতো আয়োজিত এ আর্ট ক্যাম্পের উদ্বোধন করেন সংসদের ডেপুটি স্পিকার শওকত আলী।

এ সময় তিনি বলেন, চিত্রের মাধ্যমে যেমন বাংলাদেশকে তুলে ধরা ও দেশের মর্যাদা বৃদ্ধি সম্ভব, তেমনি সে মর্যাদা সমুন্নত রাখতে গণতান্ত্রিক অগ্রযাত্রাও অব্যাহত রাখতে হয়।

“অসংসদীয় সরকারের অধীনে শিল্পচর্চা ব্যাহত হয়। তাই ভবিষ্যতে যেন কোন অগণতান্ত্রিক সরকার ক্ষমতায় আসতে না পারে সে বিষয়ে সবাইকে সজাগ থাকতে হবে।”

তিনি দেশের চিত্রশিল্পকে বিশ্বের দরবারে প্রতিষ্ঠিত করতে সকলের পৃষ্ঠপোষকতারও আহবান জানান।

দুই দিনব্যাপী এই আর্ট ক্যাম্পে ২৩ জন শিল্পী অংশ নিচ্ছেন। তারা সংসদ ভবনের সৌন্দর্য তাদের রংতুলিতে ফুটিয়ে তুলবেন।

জাতীয় সংসদ কর্তৃপক্ষ ও ইনস্টিটিউট অব এশিয়ান ক্রিয়েটিভস(আইএসি) যৌথভাবে এই আর্ট ক্যাম্পের আয়োজন করেছে।

আইএসি’র কিউরেটর ইশরাত আখন্দ জানান, স্থপতি লুই আই কান-এর অনবদ্য সৃষ্টি বাংলাদেশের জাতীয় সংসদ ভবন। এই ভবন ও প্রাঙ্গন অবলোকন করে এই শিল্পীরা তাদের সৃজনশীলতা দিয়ে রংতুলির স্পর্শে ক্যানভাসে এর সৌন্দর্য ফুটিয়ে তুলবেন।

এ কাম্প প্রতিদিন সকাল ৮টা থেকে রাত ৮টা পর্যন্ত চলবে।

তিনি অারো বলেন, বাছাই করা এই ২৩ জন শিল্পীর মধ্যে তরুণ ও অভিজ্ঞরা অঅছেন। তাদেরকে প্রয়োজনীয় সরঞ্জাম দেওয়া হবে। তাদের আঁকা চিত্রকর্মগুলো জনসাধারণের জন্য উন্মুক্ত করতে ঢাকার ওয়েস্টিন ইন্টারন্যাশনাল হোটেলে রাখা হবে। পরে স্থায়ীভাবে এসব চিত্রকর্ম স্থান পাবে সংসদ মিউজিয়ামে।

আয়োজকদের পক্ষ থেকে আইএসি’র উপদেষ্টা মোহাম্মদ মহসিন, সংসদের সার্জেন্ট অ্যাট আর্মস স্কোয়াড্রন লিডার সাদ আহমেদ খান, ওয়েস্টিনের মহা ব্যবস্থাপক আজিম শাহ সংসদ সদস্যদের পাশাপাশি শিল্প সংশ্লিষ্টদের এই আর্টক্যাম্প পরিদর্শনের অনুরোধ জানিয়েছেন।