২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নৌ-ধর্মঘট তৃতীয় দিনে

বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে টানা তৃতীয় দিনের মতো ধর্মঘট অব্যাহত রেখেছে নৌযান শ্রমিকরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Jan 2013, 08:37 AM

Updated : 23 Aug 2022, 10:02 AM

ধর্মঘটের মধ্যে সীমিত আকারে লঞ্চ চলাচল করলেও প্রতিদিনই এ সংখ্যা ধীরে ধীরে কমে আসছে। ফলে ভোগান্তিতে পড়তে হচ্ছে যাত্রীদের। 

বেতন-ভাতা বৃদ্ধিসহ ১৬ দফা দাবিতে বাংলাদেশ নৌযান শ্রমিক ফেডারেশনের ডাকে মঙ্গলবার রাত ১২টা থেকে শুরু হওয়া ধর্মঘটের প্রথম দিনে সদরঘাট টার্মিনাল থেকে ২৭টি লঞ্চ ছেড়ে যায়, ঢাকায় পৌঁছায় ৫২টি।

এরপর বৃহস্পতিবার টার্মিনাল ছাড়ে ১৭টি লঞ্চ, সদরঘাটে আসে ২১টি।

আর শুক্রবার সকালে কেবল সোনারতরী ও বোগদাদিয়া-৮ চাঁদপুরের উদ্দেশ্যে ছেড়ে যায় বলে জানিয়েছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ।

বিআইডব্লিউটিএর ট্রাফিক পরিদর্শক (টিআই) হুমায়ন কবির জানান, আরো কয়েকটি লঞ্চ টার্মিনাল ছেড়ে যাওয়ার অপেক্ষায় আছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম করে তিনি বলেন, “প্রতিদিনই নৌ-চলাচলের সংখ্যা কমে আসছে।”

এদিকে ধর্মঘটের কারণে টঙ্গীর বিশ্ব ইজতেমায় অংশ নিতে আগ্রহী মুসল্লিরাও ভোগান্তিতে পড়েছেন।

নৌযান শ্রমিক ফেডারেশনের ভারপ্রাপ্ত সভাপতি শাহ আলম জানান, বাংলাদেশের অভ্যন্তরীণ নৌ সীমায় চলাচলকারী সব ধরনের যাত্রীবাহী, পণ্যবাহী ও তৈলবাহী নৌযান, বালুবাহী বাল্কহেড, ফ্ল্যাট বার্জ, টুইন লঞ্চ, টাগ বোট এবং সমুদ্রে মৎস্য আহরণকারী সব জাহাজ শ্রমিকরা যে যার মতো করে এই কর্মবিরতি পালন করছেন।

এই শ্রমিক নেতা বলেন, ২০১০ সালের পর দ্রব্যমূল্যসহ জীবনযাত্রার ব্যয় অনেক বাড়লেও শ্রমিকদের বেতন বাড়েনি।

সর্বনিম্ন বেতন স্কেল পাঁচ হাজার টাকা করাসহ শ্রমিকদের মোট ১৬টি দাবি রয়েছে, যার মধ্যে নৌপথের নিরাপত্তা ও নাব্য বাড়ানো এবং ‘মেরিন কোর্টের হয়রানি’ বন্ধ করার দাবিও রয়েছে।

সরকার সমর্থক সংগঠন বাংলাদেশ নৌ-যান শ্রমিকলীগ এ কর্মসূচিতে সমর্থন না দিলেও বেতন-ভাতা বৃদ্ধির দাবির প্রতি সমর্থন রয়েছে সংগঠনটির।

এর সভাপতি মইনুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ধর্মঘট আমরা চাই না। তবে শ্রমিকদের বেতন কমপক্ষে আট হাজার টাকা চাই।”

লঞ্চ মালিক সমিতির সদস্য ও মানিক লঞ্চের মালিক সিদ্দিকুর রহমান ভূঁইয়া বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, শ্রমিকরা এই অযৌক্তিক দাবি না মেনে লঞ্চ চালাতে আগ্রহী হলেও সংগঠনের নেতাকর্মীরা তাদেরকে লঞ্চ না চালানোর জন্য ফোনে হুমকি দিচ্ছে।

“২০১০ সালে বেতন-ভাতা বৃদ্ধির সময় শ্রমিক ফেডারেশনের সঙ্গে একটি চুক্তি হয়। চুক্তি অনুযায়ী, পাঁচ বছরের মধ্যে বেতন-ভাতা বাড়ানোর জন্য শ্রমিকরা মালিকপক্ষকে কোনো রকম চাপ প্রয়োগ করতে পারে না।”

তবে  চুক্তির কথা অস্বীকার করে শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক চৌধুরী আশিকুল আলম বলেন, “আমাদের সঙ্গে এ ধরনের কোনো চুক্তি হয়নি। মালিক সমিতির নেতারা সাংবাদিকদের ভুল তথ্য দিচ্ছেন।”

জীবনযাত্রার ব্যয়ের সঙ্গে সঙ্গতি রেখে শ্রমিকদের বেতন বাড়ানো হবে- মালিক পক্ষের এমন আশ্বাসের প্রেক্ষিতে ২০১০ সালে শ্রমিকরা কাজে যোগ দেয় বলে জানান তিনি।

শুক্রবার দুপুর আড়াইটায় মতিঝিল বিআইডব্লিউএ ভবনে মালিক ও শ্রমিকদের সঙ্গে নৌমন্ত্রী শাজাহান খানের বৈঠক রয়েছে বলে জানান শাহ আলম।

শাজাহান খান বৃহস্পতিবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “শ্রমিকরা ধর্মঘটে যাওয়ার আগে তাদের দাবি-দাওয়া নিয়ে শ্রম মন্ত্রণালয়ের পক্ষ থেকে মালিক ও শ্রমিক নেতাদের নিয়ে একটি ত্রিপক্ষীয় বৈঠক ডাকা হয়। কিন্তু সেখানে মালিকপক্ষের প্রতিনিধিরা উপস্থিত না থাকায় ওই আলোচনা ব্যর্থ হয়।”

এরপরও সঙ্কট নিরসনে সরকারের উদ্যোগ রয়েছে জানিয়ে তিনি বলেন, “ওই বৈঠক ব্যর্থ হওয়ার পরে আমরা সমস্যা সমাধানের চেষ্টা করছি। কিন্তু মালিকদের পক্ষ থেকে এখন পর‌্যন্ত কোনো সাড়া পাওয়া যাচ্ছে না।”

পুরনো খবর:

নৌযান মালিকদের দুষলেন নৌমন্ত্রী
নৌধর্মঘটে এফবিসিসিআইয়ের উদ্বেগ