নৌধর্মঘটে এফবিসিসিআইয়ের উদ্বেগ
নৌযান শ্রমিকদের ধর্মঘটে উদ্বেগ প্রকাশ করেছে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই।
বৃহস্পতিবার এক বিবৃতিতে উদ্বেগ প্রকাশের পাশাপাশি সমস্যা সমাধানে দ্রুত আলোচনা করার আহ্বান জানিয়েছে ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি।
বিবৃতিতে বলা হয়, নৌযান শ্রমিকদের আকস্মিক কর্মবিরতির কারণে যাত্রী ও মালবাহী লঞ্চ এবং জাহাজ বন্ধ থাকায় নৌযোগাযোগ ব্যবস্থা ভেঙে পড়েছে। যাত্রীরা দুর্ভোগের শিকার হচ্ছে এবং পণ্য পরিবহণে ব্যাঘাত ঘটছে।
এতে বলা হয়, ধর্মঘটের কারণে চট্টগ্রাম বন্দরের বহির্নোঙর থেকে সারা দেশে পণ্য পরিবহণ ব্যবস্থা অচল হয়ে পড়েছে। এ অবস্থায় সময়মতো পণ্য পরিবহন না হওয়ায় দ্রব্যমুল্যের ওপর এর বিরূপ প্রভাব পড়ছে। তাছাড়া শিল্পের কাঁচামাল পরিবহণ না হওয়ায় উৎপাদন কার্যক্রমে বিঘ্ন সৃষ্টি হচ্ছে।
“এ অবস্থার উন্নতি না হলে জনগণের দুর্ভোগ বাড়ার পাশাপাশি আমদানি-রপ্তানি কার্যক্রমে ব্যাঘাত সৃষ্টি করবে, যা জাতীয় অর্থনীতির উপর নেতিবাচক প্রভাব ফেলবে।”
এছাড়া ধর্মঘটে শিল্পমালিকদের নিজস্ব নৌ-পরিবহণ ব্যবস্থাও অচল রয়েছে বলেও বিবৃতিতে বলা হয়।
সঙ্কট উত্তরণে নৌযান শ্রমিকদের দাবি-দাওয়ার বিষয়ে শ্রমিক ও মালিকপক্ষসহ সংশ্লিষ্ট সকলের সঙ্গে ফলপ্রসূ আলোচনার জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছে এফবিসিসিআই।
বেতন-ভাতা বৃদ্ধিসহ ১৬ দফা দাবিতে বাংলাদেশ নৌযান শ্রমিক ফেডারেশনের ডাকে মঙ্গলবার রাত থেকে নৌপরিবহণে ধর্মঘট শুরু হয়েছে।
