২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নৌযান মালিকদের দুষলেন নৌমন্ত্রী

ধর্মঘটী নৌযান শ্রমিকদের দাবির বিষয়ে আলোচনার জন্য মালিকদের ডাকা হলেও তারা সাড়া না দেয়ায় অচলাবন্থা কাটছে না বলে জানিয়েছেন নৌমন্ত্রী শাজাহান খান।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Jan 2013, 11:12 AM

Updated : 25 Apr 2022, 06:15 PM

বেতন-ভাতা বৃদ্ধিসহ ১৬ দফা দাবিতে বাংলাদেশ নৌযান শ্রমিক ফেডারেশনের ডাকে মঙ্গলবার রাত থেকে ধর্মঘট শুরু হয়েছে।

এতে রাজধানীর সঙ্গে দক্ষিণাঞ্চলের জেলাগুলোর নৌ যোগাযোগ ব্যাহত হচ্ছে। আটকে গেছে চট্টগ্রাম বন্দরে নোঙর করা জাহাজের পণ্য খালাস।

বৃহস্পতিবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে এক আলোচনা সভা শেষে শাজাহান খান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “শ্রমিকরা ধর্মঘটে যাওয়ার আগে তাদের দাবি-দাওয়া নিয়ে শ্রম মন্ত্রণালয়ের পক্ষ থেকে মালিক ও শ্রমিক নেতাদের নিয়ে একটি ত্রিপক্ষীয় বৈঠক ডাকা হয়। কিন্তু সেখানে মালিকপক্ষের প্রতিনিধিরা উপস্থিত না থাকায় ওই আলোচনা ব্যর্থ হয়।”

এরপরও সঙ্কট নিরসনে সরকারের উদ্যোগ রয়েছে জানিয়ে তিনি বলেন, “ওই বৈঠক ব্যর্থ হওয়ার পরে আমরা সমস্যা সমাধানের চেষ্টা করছি। কিন্তু মালিকদের পক্ষ থেকে এখন পর‌্যন্ত কোনো সাড়া পাওয়া যাচ্ছে না।”

তবে শিগগিরই অচলাবস্থা কেটে যাবে বলে আশা প্রকাশ করেন নৌপরিবহনমন্ত্রী।

ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিআইয়ের সভাপতি কাজী আকরাম হোসেনও সমঝোতার জন্য চেষ্টা চালাচ্ছেন বলে জানান তিনি।

‘নতুন মজুরি কাঠামো নয়’

মন্ত্রী বলেন, আইনগতভাবে শ্রমিকরা এখন মজুরি কাঠামো পরিবর্তনের দাবি করতে পারেন না।

তিনি বলেন, “প্রতি পাঁচ বছর পরপর শ্রমিকদের বেতন কাঠামো নির্ধারণ করা হয়ে থাকে। সর্বশেষ প্রায় সাড়ে তিন বছর আগে এটা করা হয়েছে। বাকি সময়টা রয়ে গেছে। এখন আমরা মজুরি কাঠামো নির্ধারণ করতে পারব না।”

তবে নতুন বেতন কাঠামো পুনর্নির্ধারণ হওয়ার আগ পর‌্যন্ত শ্রমিকদের জন্য ‘মহার্ঘ্যভাতার ব্যবস্থা করা যেতে পারে বলে মন্তব্য করেন পরিবহন শ্রমিক নেতা শাজাহান খান।

তিনি বলেন, “পাঁচ বছর পরে যখন মজুরি বা বেতন বৃদ্ধি হবে তখন এটা সমন্বয় করা হবে। সুতরাং এটা করা যেতে পারে। এর কোনো ব্যত্যয় ঘটবে বলে আমার মনে হয় না।”

ধর্মঘটের ডাক দেয়া নৌযান শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক চৌধুরী আশিকুল আলমের যুক্তি, ২০১০ সালের পর দ্রব্যমূল্যসহ জীবনযাত্রার ব্যয় অনেক বাড়লেও শ্রমিকদের বেতন বাড়েনি।

এছাড়া তাদের অন্য দাবিগুলোর মধ্যে নৌপথের নিরাপত্তা ও নাব্য বাড়ানো এবং ‘মেরিন কোর্টের হয়রানি’ বন্ধও রয়েছে।

বরিশালে পুলিশ পাহারায় লঞ্চ চলাচল

ধর্মঘটের মধ্যে বরিশালে পুলিশ পাহারায় লঞ্চ থেকে যাত্রী নামানো ও লঞ্চ ছাড়া হয়েছে।

ক্ষমতাসীন মহাজোটের শরিক দল জাতীয় পার্টির সংসদ সদস্য গোলাম কিবরিয়া টিপুর দুটি লঞ্চ যাত্রী নিয়ে বৃহস্পতিবার সকাল ৯টার দিকে বরিশাল নৌ-বন্দরে পৌঁছায়।

এ সময় ধর্মঘটের সমর্থনে নৌযান শ্রমিকরা বিক্ষোভ শুরু করলে পুলিশ পাহারায় লঞ্চ থেকে যাত্রী নামানো হয় বলে কোতোয়ালি মডেল থানার উপ-পরিদর্শক গোলাম কবির জানান।

এমভি টিপু নামের ওই দুটি লঞ্চ থেকে যাত্রী নামানোর পর সে দুটি ঝালকাঠীর উদ্দশ্যে ছেড়ে যায় বলে জানান তিনি।

এছাড়া বরিশালের অপর লঞ্চ ঘাটেও অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে বলে জানান ওসি।

ধর্মঘটের কারণে বরিশাল থেকে অভ্যন্তরীণ ও দূরপাল্লার ১৮টি রুটে লঞ্চ চলাচল বন্ধ রয়েছে।