২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বেনাপোলে ধর্মঘটের ডাক

বিজিবি’র দ্বারা রপ্তানিমুখী একটি মাছের চালান আটককে কেন্দ্র করে বেনাপোল বন্দর ব্যবহারকারী ৫টি সংগঠন শনিবার থেকে অনির্দিষ্টকালের ধর্মঘটের ডাক দিয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বেনাপোল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Jan 2013, 07:04 PM

Updated : 25 Apr 2022, 06:14 PM

বৃহস্পতিবার বিকালে বেনাপোলে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ শেষে সংগঠনগুলোর নেতারা ধর্মঘটের ওই ঘোষণা দেন।

ধর্মঘট ঘোষণাকারী সংগঠনগুলো হচ্ছে- বন্দর ব্যবহারকারী সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশন,  ট্রান্সপোর্ট মালিক সমিতি, বেনাপোল ল্যান্ড পোর্ট ইমপোর্টার্স অ্যান্ড এক্সপোর্টার অ্যাসোসিয়েশন, সিঅ্যান্ডএফ এজেন্ট কর্মচারী ইউনিয়ন ও ঝিকরগাছা-নাভারন-বেনাপোল ট্রাক মালিক সমিতি।

কাস্টমস ক্লিয়ারিং অ্যান্ড ফরোয়াডিং (সিঅ্যান্ডএফ) এজেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি শামসুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বুধবার সন্ধ্যায় বিজিবি সদস্যরা বন্দর এলাকা থেকে ভারতমুখী একটি মাছবোঝাই ট্রাক আটক করে। বৈধ কাগজপত্র দেখানোর পরও বিজিবি তা না মেনে নেয়নি।

ঘটনার প্রতিবাদে বৃহস্পতিবার বেনাপোল কাস্টমস হাউজের সামনে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করে বন্দর সংশ্লিষ্ট ৫টি সংগঠনের নেতাকর্মীরা।

প্রতিবাদ সমাবেশের আগে স্থানীয় বিজিবির সঙ্গে আন্দোলনরত সংগঠনগুলোর নেতারা বৈঠকে বসলেও তাতে কোনো ফলাফল আসেনি।