হাই কোর্টে কাজ শুরু করেছেন বিচারপতি নিজামুল হক
কথিত স্কাইপ কথোপকথন নিয়ে বিতর্কের মধ্যে যুদ্ধাপরাধ ট্রাইব্যুনাল থেকে পদত্যাগী বিচারক নিজামুল হক নাসিম তার মূল কর্মস্থল হাই কোর্টে কাজ শুরু করেছেন।
বৃহস্পতিবার সকাল পৌনে ১১টার দিকে হাই কোর্টের অ্যানেক্স বিচার কক্ষের ৬ নম্বর আদালতে বসেন তিনি। এ দিনের কার্য তালিকায় প্রায় ১৬টি মামলা রয়েছে। এ সব মামলার শুনানি করতে এসে আইনজীবীরা তাকে অভিনন্দন জানান।
তখন নিজামুল হক বলেন, “আমি তো তিন বছর পর এলাম। সব নতুন লাগছে।”
যুদ্ধাপরাধ ট্রাইব্যুনাল থেকে পদত্যাগের পর তিনি স্বাভাবিক নিয়মে হাই কোর্টে ফিরে এলেও তা না মানার ঘোষণা রয়েছে বিএনপি ও জামায়াত সমর্থক আইনজীবীদের।
কার্য তালিকায় উল্লেখিত তথ্য মতে, তাকে দেওয়ানি মামলার শুনানির এখতিয়ার দেয়া হয়েছে।
কার্য তালিকায় বলা হয়, “যে প্রকার মামলা শুনানি হইবে, শুনানির জন্য সহকারী জজ ব্যতীত অন্য বিচারকের ডিক্রি ও আদেশের বিরুদ্ধে অনূর্ধ্ব ৪ লাখ টাকা মানের এবং সহকারী জজের মান নিরপেক্ষ ডিক্রি ও আদেশের বিরুদ্ধে দেওয়ানি রিভিশন মোকদ্দমা এবং একক বেঞ্চে গ্রহণযোগ্য সকল লয়াজিমা বিষয়, যে সব বিষয় এই বেঞ্চে স্থানান্তরিত হইবে এবং উপরোল্লিখিত বিষয়াদি সংক্রান্ত রুল ও আবেদনপত্র গ্রহণ করিবেন।”
একাত্তরের মানবতাবিরোধী অপরাধের বিচারে ২০১০ সালের ২৫ মার্চ বিচারপতি নিজামুল হকের নেতৃত্বে গঠিত হয় তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।
বেলজিয়াম প্রবাসী এক আইন গবেষকের সঙ্গে কথিত স্কাইপ কথোপথন প্রকাশের পর তিনি গত ১১ ডিসেম্বর পদত্যাগ করেন। এরপর ট্রাইব্যুনাল পুনর্গঠন করা হয়।
গত ১৪ ডিসেম্বর থেকে হাই কোর্টে অবকাশ শুরু হয়। ২ জানুয়ারি আদালত খুললেও ছুটিতে ছিলেন বিচারপতি নিজামুল হক। পরে বুধবার বেঞ্চ পুনর্গঠন করেন প্রধান বিচারপতি, এতে একটি বেঞ্চে দায়িত্ব পান এই বিচারক।
২০০১ সালের ৩ জুলাই হাই কোর্ট বিভাগে অতিরিক্ত বিচারক হিসেবে যোগ দেন নিজামুল হক। পরবর্তী বিএনপি-জামায়াত জোট সরকার তার নিয়োগ স্থায়ী না করলে তিনি আদালতের দারস্থ হন।
আদালতের আদেশে ২০০৯ সালের ২৫ মার্চ হাই কোর্ট বিভাগে বিচারক হিসাবে শপথ নেন তিনি। নিয়ম অনুযায়ী, আগামী ২০১৭ সালে তার অবসরে যাওয়ার কথা।
৬৩ বছর বয়সি এই বিচারক আইন পেশায় যুক্ত হওয়ার পর ১৯৭৭ সালে হাই কোর্ট বিভাগে আইনজীবী হিসেবে কাজ শুরু করেন।
বিচারক হিসেবে নিয়োগ পাওয়ার আগে ১৯৯৯ সালে তিনি আপিল বিভাগের আইনজীবী হিসেবে তালিকাভুক্ত হন।
