যুদ্ধাপরাধ ট্রাইব্যুনাল প্রধানের পদত্যাগ
স্কাইপে এক ব্যক্তির সঙ্গে কথিত কথপোকথন নিয়ে বিতর্কের মুখে পদত্যাগ করেছেন যুদ্ধাপরাধ ট্রাইব্যুনালের প্রধান বিচারপতি নিজামুল হক নাসিম।
স্কাইপে এক ব্যক্তির সঙ্গে কথিত কথপোকথন নিয়ে বিতর্কের মুখে পদত্যাগ করেছেন যুদ্ধাপরাধ ট্রাইব্যুনালের প্রধান বিচারপতি নিজামুল হক নাসিম।
বিচারপতি নিজামুল মঙ্গলবার বিকালে পদত্যাগপত্র জমা দেন বলে আইনমন্ত্রী শফিক আহমেদ ও প্রতিমন্ত্রী কামরুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান।
এই বিষয়ে জানতে চাইলে এই বিচারক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “হ্যাঁ, দিয়েছি (পদত্যাগপত্র)।”
বিচারকের পরিবারিক সূত্র জানায়, স্কাইপে এক আইন গবেষকের সঙ্গে কথিত কথপোকথন নিয়ে বিতর্কের অবসানে এই সিদ্ধান্ত নিয়েছেন তিনি।
ব্রাসেলসভিত্তিক আইন বিশেষজ্ঞ আহমেদ জিয়াউদ্দিনের সঙ্গে নিজামুল হকের কথিত কথোপকথন সম্প্রতি দৈনিক আমার দেশে প্রকাশের পর সোমবার তার পদত্যাগের দাবি তোলে বিএনপি ও জামায়াতে ইসলামী সমর্থক আইনজীবীরা।
পদত্যাগের আগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যানের দায়িত্ব পালন করছিলেন হাই কোর্ট বিভাগের বিচারক নিজামুল হক। ওই ট্রাইব্যুনালে ইতোমধ্যে জামায়াতে ইসলামীর নেতা দেলাওয়ার হোসাইন সাঈদীর মামলার শুনানি শেষ হয়েছে, এখন রায় বাকি।
আইনমন্ত্রী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বিচারপতি নিজামুল হক যুদ্ধাপরাধ ট্রাইব্যুনাল থেকে পদত্যাগ করলেও হাই কোর্ট বিভাগে থাকছেন।
২০০১ সালে হাই কোর্ট বিভাগে অতিরিক্ত বিচারক হিসেবে যোগ দেন নিজামুল হক। পরবর্তী বিএনপি-জামায়াত জোট সরকার তার নিয়োগ স্থায়ী না করলে তিনি আদালতের দারস্থ হন।
আদালতের আদেশে ২০০৯ সালের ২৫ মার্চ হাই কোর্ট বিভাগে বিচারক হিসাবে শপথ নেন তিনি। নিয়ম অনুযায়ী, আগামী ২০১৭ সালে তার অবসরে যাওয়ার কথা।
৬৩ বছর বয়সি এই বিচারক আইন পেশায় যুক্ত হওয়ার পর ১৯৭৭ সালে হাই কোর্ট বিভাগে আইনজীবী হিসেবে কাজ শুরু করেন।
বিচারক হিসেবে নিয়োগ পাওয়ার আগে ১৯৯৯ সালে তিনি আপিল বিভাগের আইনজীবী হিসেবে তালিকাভুক্ত হন।
একাত্তরের মানবতাবিরোধী অপরাধের বিচারে ২০১০ সালের ২৫ মার্চ বিচারপতি নিজামুল হকের নেতৃত্বে গঠিত হয় তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।
বিচার প্রক্রিয়া দ্রুত করতে পরে আরেকটি ট্রাইব্যুনাল গঠন করা হলে প্রথম ট্রাইব্যুনালের প্রধানের দায়িত্বে থাকেন নিজামুল হক।
নিজামুল হকের আগে যুদ্ধাপরাধ ট্রাইব্যুনালের আরো যে একজন বিচারক পদত্যাগ করেছিলেন তিনি হলেন এ কে এম জহির আহমেদ।
স্বাস্থ্যগত কারণ দেখিয়ে গত অগাস্ট মাসে পদত্যাগ করেন তিনি। এরপর তার স্থলে হাই কোর্ট বিভাগের বিচারক জাহাঙ্গীর হোসেনকে ট্রাইব্যুনালে নিয়োগ দেয় সরকার।
নিজামুল হক নেতৃত্বাধীন ট্রাইব্যুনালে অন্য দুই বিচারক হলেন জাহাঙ্গীর হোসেন ও আনোয়ারুল হক। এ টি এম ফজলে কবীর নেতৃত্বাধীন দ্বিতীয় ট্রাইব্যুনালের অন্য দুই বিচারক হলেন ওবায়দুল আহসান ও শাহীনূর ইসলাম।
