রামপুরায় ফ্ল্যাটে আগুন, ৫ জন দগ্ধ
রাজধানীর রামপুরায় একটি ফ্ল্যাটে আগুন লেগে একই পরিবারের পাঁচজন দগ্ধ হয়েছেন।
এরা হলেন গীতা রানী (৫০), রিংকন (৩৫), রিংকনের স্ত্রী পিংকী (৩০) এবং দুই সন্তান ইকো (৪) ও পিমন (২)।
এদের মধ্যে রিংকনের মা গীতা রানীর অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে পুলিশ।
ঢাকা মেডিকেল কলেজ পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) বাচ্চু মিয়া বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বৃহস্পতিবার ভোরে পূর্ব রামপুরার একটি আটতলা ভবনের ছয়তলায় আগুন ধরে গেলে ওই পাঁচজন দগ্ধ হন। তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ফায়ার ব্রিগেড নিয়ন্ত্রণ কক্ষের কর্মকর্তা নাজমা আক্তার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সিগারেটের আগুন থেকে ওই ফ্ল্যাটে আগুন লাগলে অগ্নি নির্বাপণ কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
অবশ্য ওই পরিবারের সদস্যরা পুলিশকে বলেছে, বৈদ্যুতিক ট্রান্সফর্মার থেকে আগুনের সূত্রপাত হয়।
