শেষবার দলীয় কার্যালয়ে নির্মল সেন
বাম রাজনীতিক ও সাংবাদিক নির্মল সেনের প্রতি শেষ শ্রদ্ধা জানিয়েছেন তার দল গণতান্ত্রিক বিপ্লবী পার্টির নেতাকর্মীরা।
সোমবার কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা সৈনিক মাহবুব-উল-আলম চৌধুরীর মরদেহে শেষ শ্রদ্ধা জানাচ্ছেন রাজনীতিক ও সাংবাদিক নির্মল সেন। ছবি: মুস্তাফিজ মামুন/ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/ ঢাকা, ডিসেম্বর ২৪, ২০০৭
বৃহস্পতিবার সকাল ৯টার দিকে তার মরদেহ ল্যাব এইডের মরচুয়ারিতে থেকে তোপখানা রোডে দলীয় কার্যালয়ে নেয়া হয় বলে জানান তার ভাতিজা পঙ্কজ সেন।
এরপর জাতীয় প্রেসক্লাব ও কেন্দ্রীয় শহীদ মিনারে সর্বস্তরের মানুষ এই বাম নেতার প্রতি শ্রদ্ধা নিবেদন করবে। পরে তার কফিন নেয়া হবে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে, যেখানেই গবেষণার জন্য তা থাকবে।
অকৃতদার নির্মল সেনের বয়স হয়েছিল ৮২ বছর। তার জন্ম ১৯৩০ সালের ৩ অগাস্ট গোপালগঞ্জের কোটালীপাড়ায়।
২০০৩ সালে ব্রেইনস্ট্রোক হলে দেশ ও বিদেশের বিভিন্ন জায়গায় চিকিৎসা নেন এই সাংবাদিক। এরপর থেকে তিনি কোটালীপাড়ার দীঘিরগ্রামে নিজের বাড়িতেই ছিলেন।
শেষ সময়ে তার সঙ্গে ছিলেন আরেক ভাস্তে কংকন সেন। তিনি বলেন, “উনি বেঁচে থাকতেই তার শরীর দান করে গেছেন।”
শিক্ষক সুরেন্দ্রনাথ সেনগুপ্ত ও লাবণ্য প্রভা সেনগুপ্তের আট সন্তানের মধ্যে পঞ্চম নির্মল সেনের রাজনীতিতে হাতেখড়ি তরুণ বয়সে ব্রিটিশবিরোধী আন্দোলনে যুক্ত হয়ে।
কলেজ জীবনে তিনি ব্রিটিশবিরোধী সশস্ত্র বিপ্লবী সংগঠন অনুশীলন সমিতির সক্রিয় সদস্য ছিলেন। পরে তিনি রেভ্যুলিউশনারি সোশ্যালিস্ট পার্টিতে (আরএসপি) যোগ দেন।
ভারত ভাগের আগে ১৯৪৬ সালে পুরো পরিবার বাংলাদেশ ছেড়ে কলকাতায় চলে গেলেও থেকে গিয়েছিলেন নির্মল সেন। বরিশাল বিএম কলেজ থেকে আইএ এবং ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বিএ ও এমএ পাস করেন তিনি।
নির্মল সেন দীর্ঘদিন শ্রমিক-কৃষক সমাজবাদী দলের নেতৃত্ব দেন, পরে দলটি গণতান্ত্রিক বিপ্লবী পার্টিতে একীভূত হয় এবং নতুন দল গণতান্ত্রিক বিপ্লবী পার্টির সভাপতি হন তিনি।
১৯৫৯ সালে দৈনিক ইত্তেফাক পত্রিকায় কাজের মধ্য দিয়ে নির্মল সেনের সাংবাদিকতা জীবন শুরু। এর পর দৈনিক আজাদ, দৈনিক পাকিস্তান ও দৈনিক বাংলায় কাজ করেন তিনি। দৈনিক বাংলা বিলুপ্তির পর পাওনা আদায়ে অনশনে বসেছিলেন তিনি।
বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন ও ঢাকা সাংবাদিক ইউনিয়নের প্রতিষ্ঠাতা সভাপতি ছিলেন নির্মল সেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা বিভাগে অতিথি শিক্ষকও ছিলেন তিনি।
