২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বগুড়ায় ‘পুলিশের মারধরে’ কৃষকের মৃত্যু

বগুড়ার নন্দীগ্রাম উপজেলায় বুধবার পুলিশের মারধরে এক কৃষকের মৃত্যুর অভিযোগ পাওয়া গেছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Jan 2013, 02:24 PM

Updated : 25 Apr 2022, 06:14 PM

হাটকড়ই বাজারে এ ঘটনায় মৃত হারেজ আলী (৫৫) চককড়ই গ্রামের বাসিন্দা এবং স্থানীয় ইউপি সদস্য ফিরোজা খাতুনের বাবা।

এ ঘটনায় এলাকাবাসী হাটকড়ই বাজারে বিক্ষোভ করেছে। পরে পুলিশ গিয়ে দোষীর বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার আশ্বাস দিলে তারা শান্ত হয়।

এলাকাবাসী জানায়, হারেজ আলী কয়েকজন সঙ্গীসহ হাটকড়ই বাজারে তাস খেলছিলেন। এ সময় নন্দীগ্রাম থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) প্রদীপ কুমার সেখানে গিয়ে তাকে মারধর শুরু করেন। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

এরপর ওই পুলিশ কর্মকর্তা মোটরসাইকেল নিয়ে দ্রুত ঘটনাস্থল থেকে চলে যান।

এ ঘটনার পর বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার আবদুল ওয়ারীশ, বগুড়া বি-সার্কেলের সহকারী পুলিশ সুপার আশরাফুল ইসলাম এবং নন্দীগ্রাম থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

অতিরিক্ত পুলিশ সুপার আবদুল ওয়ারীশ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, অনেক সময় গ্রেপ্তারকালে ধস্তাধস্তিতে হার্ট অ্যাটাক হয়। কোনো সুনির্দিষ্ট অভিযোগ পেলে দোষীর বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।

নন্দীগ্রাম থানার পরিদর্শক রবীন্দ্র নাথ কর্মকার বলেন, এ ঘটনায় এখনো কোনো মামলা হয়নি। মামলা হলে ব্যবস্থা নেয়া হবে।

লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে বলেও তিনি জানান।