কক্সবাজারে তরুণীর মৃত্যু, গ্রেপ্তার ২
কক্সবাজার সদরে তরুণীর মৃত্যুর ঘটনায় করা মামলায় দুই নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার ভোরে উপজেলার পিএমখালী ইউনিয়ন থেকে রাবিয়া বশরী (১৭) নামের ওই তরণীর লাশ উদ্ধার করে। এ ঘটনায় মঙ্গরবার দুপুরে তার ভাই নয় জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন।
গ্রেপ্তাররা হলেন হামিদা বেগম (৩৫) এবং তার মেয়ে কোহিনূর (২১)।
মেয়েটির পরিবারের অভিযোগ পূর্ব শত্রুতার জের ধরে তাকে ধর্ষণের পর হত্যা করা হয়েছে।
সদর থানার ওসি জসীম উদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, নিহত রাবিয়ার ভাই কামাল উদ্দিন বাদী হয়ে নয় জনের বিরুদ্ধে মামলাটি দায়ের করেছেন। গ্রেপ্তার দু’জন মামলার এজাহারভূক্ত আসামি।
রাবিয়ার বাবা আবদুস শুক্কুর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, রোববার রাতে ঘুম থেকে তুলে নিয়ে ধর্ষণের পর হত্যা করা হয়েছে তার মেয়েকে। তার সৌদি প্রবাসী ভাই ফোরকানের সঙ্গে পারিবারিক শক্রতার কারণে ওই হত্যাকাণ্ড ঘটে বলে দাবি করেন তিনি।
মামলার অপর আসামিরা হলেন একই এলাকার মোবারক (৩০), গোলাম কবির (৫৫), আব্বাস আহমদ (৩০), জিকু (২২), জাহাঙ্গীর (২৫), ফোরকান আহমদের মেয়ে পারভিন (২২) ও সালামত উল্লাহ ভূট্টো (৩০)।
