ফেনসিডিলসহ গ্রেপ্তার সেই বিচারকের জামিন
ফেনসিডিলসহ গ্রেপ্তারের পর বরখাস্ত হওয়া ভোলার জ্যেষ্ঠ সহকারী জজ জাভেদ ইমাম হাই কোর্ট থেকে জামিন পেয়েছেন।
ফেনসিডিলসহ গ্রেপ্তারের পর বরখাস্ত হওয়া ভোলার জ্যেষ্ঠ সহকারী জজ জাভেদ ইমাম হাই কোর্ট থেকে জামিন পেয়েছেন।
বিচারপতি কামরুল ইসলাম সিদ্দিকী ও বিচারপতি শেখ মো. জাকির হোসেনের বেঞ্চ সোমবার তার আবেদন শুনে ৬ মাসের অন্তর্বর্তীকালীন জামিন মঞ্জুর করেন।
একইসঙ্গে তাকে কেন জামিন দেওয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছে আদালত। চার সপ্তাহের মধ্যে ঢাকার জেলা প্রশাসককে এর জবাব দিতে হবে।
আদালতে আবেদনকারীর পক্ষে ছিলেন ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল। রাষ্ট্রপক্ষে ডেপুটি অ্যাটর্নি জেনারেল আবদুল্লাহ আল মামুন শুনানি করেন।
ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “পুরো ঘটনা একটি ষড়যন্ত্র। এর চেয়ে অনেক বড় বড় চালান ধরা পড়লেও আসামিদের গণমাধ্যমের সামনে হাজির করা হয় না। কিন্তু এখানে তাকে গণমাধ্যমে হাজির করা হয়েছে উদ্দেশ্যমূলকভাবে। তার মানে এটা ষড়যন্ত্র। এছাড়া একজন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হিসাবে আটক করার পর পুলিশ উৎসাহের সঙ্গে তাকে গণমাধ্যমে হাজির করে।”
রুহুল কুদ্দুস কাজল বলেন, জাভেদ ইমামের বিরুদ্ধে আর কোনো মামলা না থাকায় এই আদেশের ফলে তার মুক্তি পেতে কোনো বাধা থাকল না।
ডেপুটি অ্যাটর্নি জেনারেল আবদুল্লাহ আল মামুন সাংবাদিকদের বলেন, আদালত জামিন দিয়েছে, তবে রাষ্ট্রপক্ষ এর বিরুদ্ধে আপিল করবে।
গত ১ ডিসেম্বর রাতে রাজধানীর নিউ মার্কেট থানা এলাকায় ব্যাগভর্তি ফেনসিডিলসহ গ্রেপ্তার হন জাভেদ ইমাম। ২ ডিসেম্বর মাদকদ্রব্য আইনে নিউ মাকের্ট থানায় তার বিরুদ্ধে মামলা হয়।
২০০৪ সালে রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে আইন বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি নিয়ে ২০০৮ সালের ২২ মে কুষ্টিয়ায় সহকারী জজ হিসাবে চাকরি শুরু করেন জাবেদ ইমাম। পরে তাকে যশোরে বদলি করা হয়।
ওই ঘটনার কিছুদিন আগে যশোর থেকে তিনি ভোলায় বদলি হন। তবে নতুন কর্মস্থলে যোগ দেয়ার পর তিনি ছুটিতে ছিলেন।
কাজল জানান, গত ১৮ ডিসেম্বর নিম্ন আদালত জাবেদের জামিন আবেদন খারিজ করলে ২ জানুয়ারি তিনি হাই কোর্টে জামিন আবেদন করেন।
