হরতালে শান্ত বন্দরনগরী
বিএনপি নেতৃত্বাধীন ১৮ দলীয় জোটের ডাকা হরতালে বন্দরনগরীর কোথাও অপ্রীতিকর কোনো ঘটনার খবর পাওয়া যায়নি।
বিএনপি নেতৃত্বাধীন ১৮ দলীয় জোটের ডাকা হরতালে বন্দরনগরীর কোথাও অপ্রীতিকর কোনো ঘটনার খবর পাওয়া যায়নি।
সকালে নগরী থেকে দূরপাল্লার কোনো যানবাহন ছেড়ে না গেলেও ট্রেন চলাচল স্বাভাবিক আছে ।
সকালে সড়কে বাস কম থাকলেও বেলা বাড়ার সঙ্গে গণপরিবহনের সংখ্যা কিছুটা বেড়েছে।
জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে সারা দেশে সকাল-সন্ধ্যা এই হরতাল করছে বিএনপির নেতৃত্বাধীন ১৮ দলীয় জোট।
এদিকে, সকাল থেকে নগর বিএনপি কার্যালয় নাসিমন ভবনের সামনে দলীয় নেতাকর্মীরা মিছিল নিয়ে জড়ো হয়েছেন, যাতে যোগ দিয়েছে জামায়াত-শিবিরের নেতাকর্মীরাও।
অন্যান্য হরতালে বিএনপি কার্যালয়ের সামনে জামায়াত-শিবিরের নেতাকর্মীদের দেখা যায়নি।
নগর পুলিশের অতিরিক্ত কমিশনার (দক্ষিণ) মোস্তাক আহমেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সকাল থেকে নগরীতে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।
