২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাগর-রুনির খুনি গ্রেপ্তারের দাবিতে অনশনে সাংবাদিকরা

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Dec 2012, 05:48 AM

Updated : 24 Aug 2022, 12:40 PM

সাংবাদিক দম্পতি সাগর সরওয়ার ও মেহেরুন রুনির হত্যাকারীদের গ্রেপ্তারের দাবিতে প্রতীকী অনশনে বসেছেন সাংবাদিকরা।

সাংবাদিকদের শীর্ষ চার সংগঠনের আয়োজনে রোববার সকাল ১০টায় জাতীয় প্রেসক্লাবের সামনে দিনব্যাপী এই অনশন কর্মসূচি শুরু হয়।

বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) দুই অংশ, ঢাকা সাংবাদিক ইউনিয়নের দুটি অংশ, জাতীয় প্রেসক্লাব ও ঢাকা রিপোর্টার্স ইউনিটির শীর্ষ নেতৃবৃন্দসহ শতাধিক সাংবাদিক এই কর্মসূচিতে অংশ নিচ্ছেন। অনশন চলবে বিকাল ৪টা পর্যন্ত।

বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) একাংশের সভাপতি ইকবাল সোবহান চৌধুরী গত ১০ ডিসেম্বর এক সমাবেশ থেকে এ কর্মসূচি ঘোষণা করেন।

তিনি বলেন, “২৩ ডিসেম্বর পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে। আমরণ গণ-অনশন কর্মসূচিও আসতে পারে।”

মাছরাঙা টেলিভিশনের বার্তা সম্পাদক সাগর সরওয়ার ও এটিএন বাংলার জ্যেষ্ঠ প্রতিবেদক মেহেরুন রুনি গত ১১ ফেব্রুয়ারি রাজধানীতে নিজের বাসায় খুন হন।

গত ৯ অক্টোবর স্বরাষ্ট্রমন্ত্রী মহীউদ্দীন খান আলমগীর এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের জানান, সাগর-রুনি হত্যাকাণ্ডে সন্দেহভাজন আটজনকে সনাক্ত করা হয়েছে। এর মধ্যে নিহত সাংবাদিক দম্পতির পারিবারিক বন্ধু তানভীরসহ সাতজন রয়েছেন। আর তাদের মধ্যে পাঁচজন ডা. নিতাই হত্যা মামলারও আসামি।

সাগর-রুনি হত্যকাণ্ড নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর ওই বক্তব্যে অসন্তোষ প্রকাশ করে ‘প্রকৃত’ খুনিদের গ্রেপ্তারের দাবিতে কর্মসূচি পালন করে আসছে সাংবাদিক সংগঠনগুলো।

সাগর-রুনি হত্যাকাণ্ডের পাশাপাশি সব সাংবাদিক হত্যার বিচার, সাংবাদিকদের নিরাপত্তা ও গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিতেরও দাবি জানিয়ে আসছেন সাংবাদিকরা।