রংপুরে নির্বাচনোত্তর সংঘর্ষে নিহত ১
রংপুর সিটি করপোরেশন নির্বাচনে পরাজিত দুই কাউন্সিলর পদপ্রার্থীর সমর্থকদের সংঘর্ষে একজন নিহত হয়েছেন। আহত হন মহিলাসহ অন্তত ১৯ জন।
রংপুর সিটি করপোরেশন নির্বাচনে পরাজিত দুই কাউন্সিলর পদপ্রার্থীর সমর্থকদের সংঘর্ষে একজন নিহত হয়েছেন। আহত হন মহিলাসহ অন্তত ১৯ জন।
শনিবার বেলা ১২টার দিকে নগরীর ৩১ নম্বর ওয়ার্ডের কিশামত বিষু গ্রামে এ সংঘর্ষে নিহত ডালিম হোসেন (২৬) ওই এলাকার সৈয়দ আলীর ছেলে।
আহতদের মধ্যে আলমগীর (৩২), সাদ্দাম (২৮), রাবেয়া (৩২), মোখলেস (৩১), সিফাত (১৮) ও সমাক (২৮) রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। বাকিদের দেয়া হয় প্রাথমিক চিকিৎসা।
লাঠিপেটা করে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এছাড়া ঘটনাস্থল থেকে পরাজিত কাউন্সিলর পদপ্রার্থী সামছুল আলমসহ পাঁচ জনকে আটক করেছে।
কোতোয়ালি থানার ওসি আলতাফ হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বিকাল ৫টার দিকে হাসপাতালে ডালিম হোসেনের মৃত্যু হয়।
সহকারী পুলিশ সুপার (সার্কেল-এ) বি এম জাকির হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, নির্বাচনে একই এলাকার সামছুল আলম ও বেলাল হোসেন কাউন্সিলর পদে প্রতিদ্বন্দ্বিতা করে দুজনই পরাজিত হন। এজন্য তারা একে অপরকে দোষারোপ করেন।
এর জেরে বেলা ১২টায় দুই প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ বাধে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ লাঠিপেটা করেছে।
কোতোয়ালি থানার ওসি আলতাফ হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ঘটনাস্থল থেকে পাঁচ জনকে আটক করা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে সেখানে পুলিশ মোতায়েন করা হয়েছে।
