২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিলেটে জামায়াত-পুলিশ সংঘর্ষ

জামায়াতে ইসলামীর এক নেতার মুক্তির দাবিতে মিছিল বের করলে সিলেট নগরীর তিনটি স্থানে পুলিশের সঙ্গে সংঘর্ষ হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Dec 2012, 12:39 PM

Updated : 24 Aug 2022, 12:39 PM

জামায়াতে ইসলামীর এক নেতার মুক্তির দাবিতে মিছিল বের করলে সিলেট নগরীর তিনটি স্থানে পুলিশের সঙ্গে সংঘর্ষ হয়েছে।

সোমবার দুপুরে শিবগঞ্জ, কদমতলী ও মদিনামার্কেট এলাকায় এসব সংঘর্ষে পুলিশসহ ও পথচারীসহ অন্তত ২০ জন আহত হয়েছেন বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে।

শিবগঞ্জ এলাকায় পুলিশের একটি গাড়িতে আগুন দিয়েছে মিছিলকারীরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে শতাধিক রাউন্ড ফাঁকা গুলি ও রাবার বুলেট নিক্ষেপ করে পুলিশ।

কদমতলী থেকে তিন জনকে আটক করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।

প্রত্যক্ষদর্শীরা বলছে মিছিলে বাধা দেয়ার পর মিছিলকারীরা পুলিশের উপর হামলা করেছে। এদিকে পুলিশ বলছে মিছিল থেকে ইটপাটকেল নিক্ষেপ করার পরই পুলিশ পাল্টা হামলা করেছে।

মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত কমিশনার আব্দুল্লাহ আল আজাদ চৌধুরী বলেন, জামায়াতের কেন্দ্রীয় ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল শফিকুর রহামানের মুক্তির দাবিতে বিক্ষোভ-মিছিল বের করে জামায়াত-শিবির কর্মীরা।

মিছিল থেকে পুলিশের উপর ইটপাটকেল নিক্ষেপ করলে পুলিশ রাবার বুলেট ও ফাঁকা গুলি ছোঁড়ে। এ সময় শিবগঞ্জ, কদমতলী ও মদিনামার্কেট এলাকা রণক্ষেত্রে পরিণত হয়।

পুলিশ কর্মকর্তা আরো বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ তিন স্থানে শতাধিক রাউন্ড ফাঁকা গুলি ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করেছে। কদমতলী এলাকা থেকে তিনজনকে আটক করা হয়েছে।

তিনি বলেন, তাদের একটি গাড়িতে আগুন দিয়েছে জামায়াত-শিবির কর্মীরা। পরে তা নিভিয়ে ফেলা হয়।
এদিকে এই কেন্দ্রীয় নেতার মুক্তির দাবিতে বুধবার সিলেট বিভাগে আধাবেলা হরতাল ডেকেছে জামায়াত-শিবির।