‘বিচার বাধাগ্রস্ত করতেই কথোপকথন প্রকাশ’
বিচারপতি নিজামুল হকের স্কাইপ অ্যাকাউন্ট হ্যাক করার সঙ্গে জড়িতদের খুঁজে বের করা উচিৎ বলেও অভিমত দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১।
বিচারপতি নিজামুল হকের স্কাইপ অ্যাকাউন্ট হ্যাক করে প্রবাসী এক আইন বিশেষজ্ঞের সঙ্গে তার কথিত কথোপকথন প্রকাশের সঙ্গে জড়িতদের খুঁজে বের করা উচিৎ বলে মনে করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১।
বিচারপতি এটিএম ফজলে কবীরের নেতৃত্বে পুনগর্ঠিত এই ট্রাইব্যুনাল সোমবার তাদের প্রথম কার্যদিবসে এই অভিমত দেয়।
বিচারপতি ফজলে কবীর বলেন, ট্রাইব্যুনালের বিচারপ্রক্রিয়া বাধাগ্রস্ত করতেই স্কাইপ অ্যাকাউন্ট হ্যাক করে ওই কথোপকথন প্রকাশ করা হয়েছে বলে তিনি মনে করেন।
তিনি বলেন, সরকার ট্রাইব্যুনাল পুনর্গঠন করেছে। এ বিষয়ে সৃষ্ট বিতর্ক দূর করতে সরকারের উচিত হবে দোষীদের বিরুদ্ধে পদক্ষেপ নেয়া।
স্কাইপ অ্যাকাউন্ট হ্যাকিংয়ের ঘটনায় এর আগে বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বে পুনর্গঠিত ট্রাইব্যুনাল-২ গত বৃহস্পতিবার ওই কথিত কথোপকথনের ভিত্তিতে কোনো ধরনের প্রতিবেদন বা শ্রুতিলিখন গণমাধ্যমে প্রকাশের ওপর নিষেধাজ্ঞা জারি করে।
ওই কথিত কথোপকথন দৈনিক আমার দেশ ও দৈনিক সংগ্রামে ধারাবাহিকভাবে প্রকাশের পর সৃষ্ট বিতর্কের মুখে গত ১১ ডিসেম্বর ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যানের দায়িত্ব থেকে ইস্তফা দেন বিচারপতি নিজামুল হক।
এরপর গত বৃহস্পতিবার ট্রাইব্যুনাল পুনর্গঠনের প্রজ্ঞাপন জারি করে আইন মন্ত্রণালয়।এতে ট্রাইব্যুনাল-১ এ নিজামুল হকের জায়গায় দায়িত্ব পান দ্বিতীয় ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি এটিএম ফজলে কবীর। আর তার জায়গায় দায়িত্ব নেন এই ট্রাইব্যুনালের সদস্য হিসাবে দায়িত্ব পালন করে আসা বিচারপতি ওবায়দুল হাসান।
বৃহস্পতিবার পুনর্গঠিত ট্রাইব্যুনাল-২ এর প্রথম কার্যদিবসে দেয়া আদেশে বিচারপতি ওবায়দুল হাসান বলেন,বাংলাদেশের কোনো গণমাধ্যমে ওই কথোপকথনের ভিত্তিতে কোনো প্রতিবেদন,শ্রুতিলিখন বা অন্যকিছু প্রকাশ করা যাবে না। এ আদেশের অনুলিপি দুই পত্রিকার সম্পাদক এবং বিটিআরসি ও তথ্য মন্ত্রণালয়েও পাঠাতে হবে।
আমার দেশের ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমান সাবেক বিএনপি সরকারের সময় জ্বালানি উপদেষ্টা ছিলেন। আর দৈনিক সংগ্রাম জামায়াতে ইসলামীর মুখপত্র, যে দলটির শীর্ষ নয় নেতার বিচার চলছে যুদ্ধাপরাধ ট্রাইব্যুনালে।
সোমবার ট্রাইব্যুনাল-১ এ বিএনপি নেতা সালাউদ্দিন কাদের চৌধুরীর যুদ্ধাপরাধের মামলার কার্যক্রম চলার কথা থাকলেও আসামিপক্ষের কোনো আইনজীবী উপস্থিত ছিলেন না।
তাদের এই অনুপস্থিতির কারণ আগামী বুধবার ব্যাখ্যা করতে বলেছে ট্রাইব্যুনাল।এছাড়া জামায়াতে ইসলামীর সাবেক আমীর গোলাম আজমের বিরুদ্ধে যুদ্ধাপরাধের মামলার কার্যক্রমও আসামিপক্ষের আবেদনে বুধবার পর্যন্ত মুলতবি করা হয়েছে।
সকালে ট্রাইব্যুনাল-১ এর কার্যক্রম শুরু হলে প্রধান প্রসিকিউটর গোলাম আরিফ টিপু আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এ ফিরে আসায় বিচারপতি ফজলে কবীরকে স্বাগত জানান।
জামায়াতে ইসলামীর প্রধান আইনজীবী ও দলের অন্যতম সহকারী সেক্রেটারি জেনারেল আব্দুর রাজ্জাকও নতুন চেয়রম্যানকে স্বাগত জানান।
১৯৭১ সালে মুক্তিযুদ্ধে মানবতার বিরুদ্ধে সংঘটিত অপরাধের বিচারের জন্য ২০১০ সালের ২৫ মার্চ প্রথম যুদ্ধাপরাধ ট্রাইব্যুনাল প্রতিষ্ঠার পর তার তিন সদস্যের একজন ছিলেন বিচারপতি ফজলে কবীর। বিচার প্রক্রিয়া দ্রুততর করতে পরে দ্বিতীয় ট্রাইব্যুনাল গঠন করা হলে তাকে এর প্রধান করা হয়।
