একাত্তরের শহীদদের প্রতি খালেদা জিয়ার শ্রদ্ধা
বিএনপি চেয়ারপার্সন খালেদা সাভার স্মৃতিসৌধে পৌঁছান বোরবার সকাল সাড়ে ৭টার দিকে। এর মিনিট পাঁচেক পর শহীদ বেদীতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন তিনি।
জাতীয় স্মৃতিসৌধে ফুল দিয়ে মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন বিরোধী দলীয় নেতা খালেদা জিয়া।
বিএনপি চেয়ারপার্সন খালেদা সাভার স্মৃতিসৌধে পৌঁছান বোরবার সকাল সাড়ে ৭টার দিকে। এর মিনিট পাঁচেক পর শহীদ বেদীতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন তিনি।
যাদের আত্মত্যাগের বিনিময়ে বাংলাদেশ স্বাধীন হয়েছে, সেই বীর শহীদদের স্মরণে কিছু সময় নিরবে দাঁড়িয়ে থাকেন খালেদা জিয়া।
দলের স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, মওদুদ আহমদ. এম কে আনোয়ার, তরিকুল ইসলাম, রফিকুল ইসলাম মিয়া, মির্জা আব্বাসসহ কেন্দ্রীয় নেতারা এ সময় খালেদা জিয়ার সঙ্গে ছিলেন।
১৯৭১ সালের ২৫শে মার্চ পাকিস্তানি সেনা বাহিনী গণহত্যা চালানোর পর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ডাকে শুরু হয় মুক্তিযুদ্ধ। নয় মাস রক্তক্ষয়ী যুদ্ধের পর ১৬ ডিসেম্বর রমনার রেসকোর্স ময়দানে আত্মসমর্পণ করে পাকিস্তানি সেনাবাহিনী।
এর মধ্য দিয়ে বিশ্বের মানচিত্রে নতুন দেশ হিসেবে আবির্ভূত হয় বাংলাদেশ।
সকালে শেরে বাংলা নগরে জাতীয় প্যারেড স্কয়ারে (পুরনো বিমানবন্দর) ৩১ বার তোপধ্বনির মধ্যদিয়ে মহান বিজয় দিবসের কর্মসূচি শুরু হয়।
ভোর ৬টা ২৫ এ স্মৃতিসৌধে ফুল দিয়ে জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
মন্ত্রিপরিষদের সদস্য, তিন বাহিনীর প্রধান, কূটনীতিক, মুক্তিযোদ্ধা এবং সামরিক ও বেসামরিক কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন।
অসুস্থতার কারণে রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমান এবার স্মৃতিসৌধে যাননি।
বিদেশি কূটনীতিকদের শ্রদ্ধা নিবেদন শেষে জাতীয় স্মৃতিসৌধ সর্বসাধারণের জন্য খুলে দেওয়া হয়। স্মৃতিসৌধ প্রাঙ্গণে নামে জনতার ঢল।
খালেদা জিয়াকে ‘বাধা’
স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদনের পর খালেদা জিয়া নেতাকর্মীদের নিয়ে শেরেবাংলা নগরে যান প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরে শ্রদ্ধা জানাতে।
শ্রদ্ধা নিবেদন শেষে তরিকুল ইসলাম অভিযোগ করেন, সকালে খালেদা জিয়া যাতে সময়মতো স্মৃতিসৌধে পৌঁছাতে না পারেন, সেজন্য তার গাড়ি প্রায় ৪০ মিনিট আটকে রাখে পুলিশ।
তরিকুল সাংবাদিকদের বলেন, “ বিরোধী দলীয় নেতাকে গুলশানের বাসা থেকে ভোরে যথাসময়ে বের হতে পুলিশ বাধা দিয়েছে। বিরোধী দলীয় নেতার প্রোটকল গাড়ি আটকে রাখা হয়। আমরা সরকারের এহেন আচরণের নিন্দা জানাই।”
তিনি জানান, সাভোরে জাতীয় স্মৃতিসৌধের উদ্দেশ্যে বিরোধী দলীয় নেতার ভোর ৬ টায় রওনা হওয়ার কথা থাকলেও পুলিশের বাধার কারণে তাকে ৪০ মিনিট বিলম্বে যাত্রা শুরু করতে হয়।
