রামুর ঘটনার বিচার বিভাগীয় তদন্তের নির্দেশ
কক্সবাজারের রামুতে বৌদ্ধ বিহার ও বসতিতে সাম্প্রদায়িক সন্ত্রাসের ঘটনা তদন্তে বিচার বিভাগীয় কমিটি গঠনের নির্দেশ দিয়েছে হাই কোর্ট।
কক্সবাজারের রামুতে বৌদ্ধ বিহার ও বসতিতে সাম্প্রদায়িক সন্ত্রাসের ঘটনা তদন্তে বিচার বিভাগীয় কমিটি গঠনের নির্দেশ দিয়েছে হাই কোর্ট।
বৃহস্পতিবার বিচারপতি মির্জা হোসেইন হায়দার ও বিচারপতি কাজী মো. ইজারুল হক আকন্দের বেঞ্চ এই আদেশ দেয়।
আইন সচিব ও স্বরাষ্ট্র সচিবকে ৭ দিনের মধ্যে এই আদেশ বাস্তবায়ন করতে বলা হযেছে।
কর্মরত বা অবসরপ্রাপ্ত দুজন জেলা জজ পদ মর্যাদার বিচারককে কমিটিতে রাখতে বলা হয়েছে। এছাড়া স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একজন প্রতিনিধিকেও রাখতে বলেছে হাই কোর্ট।
গঠিতব্য কমিটিকে ২০১৩ সালের মার্চ মাসের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।
গত ২৯ সেপ্টেম্বর রাতে কক্সবাজারের রামুতে বৌদ্ধ মন্দির ও ঘরবাড়িতে হামলা, অগ্নিসংযোগ ও ভাংচুরের ঘটনায় একটি রিট আবেদনে হাই কোর্টের এই আদেশ হয়।
আদালতে আবেদনকারী পক্ষে বি এম ইলিয়াস এবং রাষ্ট্রপক্ষে ডেপুটি অ্যাটর্নি জেনারেল আল আমিন সরকার শুনানি করেন।
রিট আবেদনকারী ব্যারিস্টার জ্যোতির্ময় বড়ুয়া বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমাদের করা রিটে বিভাগীয় তদন্ত কমিটি হয়েছিল। আমরা ওই তদন্ত কমিটির প্রতিবেদন প্রত্যাখ্যান করে আদালতে আদালতে বিচার বিভাগীয় তদন্ত কমিটি চেয়ে আবেদন করি।”
গত ১০ ডিসেম্বর করা ওই আবেদনে আদালত বৃহস্পতিবার এই আদেশ দেয়।
একই বিষয়ে বিচারপতি নাঈমা হায়দার নেতৃত্বাধীন বেঞ্চে আরেকটি রিট আবেদন হয়। ওই আবেদনের শুনানিও বিচারপতি মির্জা হোসেইন হায়দার নেতৃত্বাধীন আদালতে হবে বলে জানান জ্যোতির্ময় বড়ুয়া।
ফেইসবুকে কোরআন অবমাননার অভিযোগ তুলে গত ২৯ সেপ্টেম্বর রাতে কক্সবাজারের রামুতে বৌদ্ধ মন্দির ও ঘরবাড়িতে হামলা, অগ্নিসংযোগ ও ভাংচুর চালায় ধর্মীয় উগ্রপন্থীরা। রাতভর হামলায় সাতটি বৌদ্ধ মন্দির, অন্তত ৩০টি বাড়ি ও দোকান পুড়িয়ে দেয়া হয়।
পরদিন চট্টগ্রামের পটিয়া এবং কক্সবাজারের উখিয়া ও টেকনাফে নতুন করে বৌদ্ধ বসতিতে হামলা হয়।
পরে এ বিষয়ে হাই কোর্টে দু্টি রিট আবেদন আবেদন হয়। ওই এলাকার বাসিন্দা ব্যারিস্টার জ্যোতির্ময় বড়ুয়া একটি এবং সুপ্রিম কোর্টের আইনজীবী অপর এক আইনজীবী ড. ইউনুস আলী আকন্দ অন্য আবেদনটি দায়ের করেন।
