২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাকাসহ বিভিন্ন স্থানে ১১ গাড়িতে আগুন

বিরোধী দলের হরতালের আগের রাতে ঢাকা, গাজীপুর, সিলেট ও চট্টগ্রামে অন্তত ১১টি গাড়িতে আগুন দেয়া হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Dec 2012, 07:05 PM

Updated : 24 Aug 2022, 12:38 PM

ঢাকা, ডিসেম্বর ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিরোধী দলের হরতালের আগের রাতে ঢাকা, গাজীপুর, সিলেট ও চট্টগ্রামে অন্তত ১১টি গাড়িতে আগুন দেয়া হয়েছে। রাজধানীর খিলগাঁও, গ্রিনরোড, ফার্মগেইট, নয়াবাজার ও মিরপুরে পাঁচটি গাড়িতে আগুন দেয়া হয়। গাজীপুর, সিলেট এবং চট্টগ্রামে আগুন দেয়া হয়েছে ছয়টি গাড়িতে। এই গাড়িগুলোতে কারা আগুন দিয়েছে, তা নিশ্চিত করা যায়নি; তবে পুলিশ এজন্য দায়ী করছে হরতাল সমর্থকদের। রোববার বিএনপি নেতৃত্বাধীন ১৮ দলীয় জোটের অবরোধ কর্মসূচি চলাকালে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে শতাধিক গাড়ি ভাংচুর করা হয়। অবরোধে ‘পুলিশ ও সরকার সমর্থকদের’ হামলার অভিযোগ এনে মঙ্গলবার সারা দেশে সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে ১৮ দলীয় জোট। সোমবার সন্ধ্যায় নয়া পল্টনে দলীয় কার্যালয়ের সামনে থেকে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে গ্রেপ্তারের পরপরই একে একে এই স্থানগুলোতে গাড়িতে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। অগ্নি নির্বাপক বাহিনীর কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষের ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের কর্মকর্তা ফরহাদুজ্জামান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সন্ধ্যা সোয়া ৬টার দিকে খিলগাঁও চৌরাস্তায় একটি বাসে আগুন দেয়া হয়। খবর পেয়ে অগ্নিনির্বাপক বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছনোর আগেই স্থানীয়রা আগুন নিভিয়ে ফেলে। একই সময়ে গ্রিনরোড-পান্থপথ ক্রসিংয়ে একটি বাসে আগুন দেয়া হয় বলে শেরেবাংলা নগর থানার উপপরিদর্শক আতাউর রহমান জানান। ফরহাদুজ্জামান আরো বলেন, রাত সোয়া ৮টার দিকে নয়াবাজার এলাকায় একটি পিকআপ ভ্যানে আগুন দেয়া হয়। এতে পিকআপচালক মো. খোকনের হাত পুড়ে যায়। তাকে ঢাকা মেডিকেলে কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। রাত পৌনে ৯টায় ফার্মগেইটের আনন্দ প্রেক্ষাগৃহের সামনে একটি মিনিবাসে আগুন লাগানো হয় বলে জানান অগ্নিনির্বাপক বাহিনীর নিয়ন্ত্রণ কক্ষে ওই সময়ে কর্তব্যরত কর্মকর্তা জিয়াউর রহমান। রাত সাড়ে ৯টার দিকে মিরপুর বাংলা কলেজের সামনে দুর্র্র্বৃত্তরা একটি বাসে আগুন দেয়। ঢাকা মহানগর ছাড়াও টঙ্গিতে তিনটি বাসে এবং গাজীপুরের শিববাড়িতে একটি বাসে আগুন দেয়া হয় বলে জানান জিয়া। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের গাজীপুর প্রতিনিধি জানান, সন্ধ্যায় হরতালের সমর্থনে মিছিল থেকে শহরের শিববাড়ি মোড়ে একটি বিআরটিসির একটি দ্বিতল বাসে আগুন দেয়া হয়। গাজীপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আবু জাফর আহমেদ জানান, সন্ধ্যা সোয়া ৭টার দিকে শিববাড়ি এলাকায় হরতালের সমর্থনে একটি মিছিল বের হয়। ওই দাঁড় করানো বাসটিতে আগুন দেয়া হয়। খবর পেয়ে অগ্নিনির্বাপক বাহিনী আগুন নিয়ন্ত্রণে আনে। বাসটির ইঞ্জিন ছাড়া বাকি সবকিছুই পুড়ে গেছে বলে জানান আবু জাফর। এ ঘটনায় জড়িত সন্দেহে রাত সাড়ে ৮টার দিকে জুয়েল (২৮) ও কবীর (৩০) নামের দুই যুবককে আটক করা হয়েছে বলে জানিয়েছেন জয়দেবপুর থানার ওসি এস এম কামরুজ্জামান। সিলেট প্রতিনিধি জানান, রাত সাড়ে ১০টার দিকে শহরের সুবিদবাজার এলাকার লন্ডনি রোডে দাঁড়িয়ে থাকা এ প্রাইভেট কারে আগুন দেয়া হয়। সিলেট নগর পুলিশের অতিরিক্ত কমিশনার আব্দুল্লাহ আল-আজাদ চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, হঠাৎ করে ৬-৭ জন মোটর সাইকেল আরোহী এসে গাড়িটিতে আগুন ধরিয়ে পালিয়ে যায়। এছাড়া রাত সাড়ে ৯টার দিকে নগরীর আম্বরখানায় মোটরসাইকেল আরোহী কয়েক যুবক এসে একটি ট্রাক ও কয়েকটি দোকান ভাংচুর করে বলে জানান পুলিশ কমিশনার। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের চট্টগ্রাম অফিস জানায়, রাত ৯টার দিকে অলংকার মোড়ে একটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেটি/এমসি/সিএস/এইচএ/এমআই/০১০২ ঘ.