ঢাকা, ডিসেম্বর ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি নিজামুল হকের পদত্যাগ দাবি করে তা না হলে যুদ্ধাপরাধ আদালতের বিচার রুখে দেয়ার হুমকি দিয়েছেন বার কাউন্সিলের ভাইস চেয়ারম্যান খন্দকার মাহবুব হোসেন।
বিচারপতি নিজামুল হকের সঙ্গে এক বিশেষজ্ঞের কথিত কথোপকথনের সূত্র ধরে সোমবার বার কাউন্সিলের সম্মেলন কক্ষে এক সংবাদ সম্মেলনে তিনি এই হুমকি দেন।
বিচারপতি নিজামুল হক পদত্যাগ না করলে তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে প্রধান বিচারপতির প্রতি আহ্বান জানান তিনি।
বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা খন্দকার মাহবুব বলেন, “বিচারপতি নিজামুল হক নাসিম নির্লজ্জভাবে আদালতের কার্যক্রমের সব ব্যাপারে অন্যজনের পরামর্শ এবং নির্দেশনা নিয়েছেন। এমনকি আদালতের বিভিন্ন আদেশ ও রায় বাইরে থেকে তৈরি করে পাঠানো হয়েছে বলেও প্রমাণ পাওয়া যাচ্ছে।
“এছাড়া মামলার দ্রুত রায়ের বিষয়ে প্রভাব বিস্তার, আপিল বিভাগে নিয়ে যাওয়ার প্রলোভন, প্রসিকিউটরদের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত ইত্যাদি থেকে এটা সুস্পষ্ট যে, যুদ্ধাপরাধের চলমান প্রক্রিয়াটি একটি সাজানো নাটক ছাড়া আর কিছু নয়।”
“এখন যত দ্রুত সম্ভব তাকে পদত্যাগ করতে হবে। তা না হলে আমরা প্রধান বিচারপতিকে অনুরোধ করব, সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের মাধ্যমে তার বিরুদ্ধে তদন্তপূর্বক ব্যবস্থান নিতে।
“তিনি পদত্যাগ না করলে বা তার বিরুদ্ধে কাউন্সিলের মাধ্যমে ব্যবস্থা না নিলে আমরা আইনজীবী সমাজ সম্মিলিতভাবে এই বিচারের নামে প্রহসন রুখে দাঁড়াব।”
বিচারপতি নিজামুল হক ও ব্রাসেলসভিত্তিক বিশেষজ্ঞ আহমেদ জিয়াউদ্দিনের মধ্যে স্কাইপে কথিত কথোপকথনের অনুলিপি আমার দেশে গত ৯ ডিসেম্বর ছাপা হয়।
এর আগে গত ৫ ডিসেম্বর সন্ধ্যায় যুক্তরাজ্যভিত্তিক পত্রিকা দ্য ইকোনমিস্টের কাছ থেকে একটি ফোন কল পান বিচারপতি নিজামুল হক। তাকে বলা হয়, আন্তর্জাতিক আইন বিশেষজ্ঞ আহমেদ জিয়াউদ্দিনের কাছে পাঠানো তার কয়েকশ ই-মেইল ও তার সঙ্গে কয়েক ঘণ্টার কথোপকথনের রেকর্ড তাদের কাছে রয়েছে।
ওই সমস্ত কথোপকথন ও ই-মেইল ব্যক্তিগত হওয়ায় তা গোপনীয় রাখার জন্য ট্রাইব্যুনাল পত্রিকাটিকে নির্দেশনা দেয়। এর মধ্যেই আমার দেশে তা প্রকাশিত হয়।
ট্রাইব্যুনালের আদেশ অনুযায়ী, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান প্রবাসী ওই অ্যাকাডেমিকের কাছে পরামর্শ চেয়েছেন, যিনি তার জন্য একজন গবেষকের ভূমিকা পালন করেন এবং তাকে বিভিন্ন তথ্যাদি দিয়ে সাহায্য করেন।
সংবাদ সম্মেলনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ বলেন, “আমার দেশ পত্রিকায় যে তথ্য বেরিয়েছে, তারপর ট্রাইব্যুনালের আর কোনো গ্রহণযোগ্যতা থাকে না।
“আদালত এবং বিচারকদের সম্মান, মর্যাদা ও ভাবমূর্তি রক্ষার জন্য শুধু নৈতিক কারণেই নয়, সাংবিধানিক কারণে অবিলম্বে তার পদত্যাগ করা উচিত। তার না হলে সরকারের উচিত ট্রাইব্যুনাল ভেঙে দেয়া।”
সংবাদ সম্মেলনে জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও ট্রাইব্যুনালে আসামি পক্ষের প্রধান কৌঁসুলি আব্দুর রাজ্জাক বলেন, বিচারপতি নিজামুল হক সংবিধান, বিচারপতিদের আচরণবিধি এবং সুপ্রিম কোর্টের বিচারপতি হিসাবে শপথ ভঙ্গ করেছেন।
“তাই অবিলম্বে ট্রাইব্যুনালের চেয়ারম্যান হিসাবে এবং সুপ্রিম কোর্টের বিচারপতি হিসাবে অনতিবিলম্বে তার পদত্যাগ দাবি করছি।”
এদিকে দুপুরে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের এক প্রতিবাদ সভায় সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি জয়নুল আবেদীন বলেন, “গতকাল আমার দেশ পত্রিকায় এসেছে, কীভাবে ট্রাইব্যুনালে একতরফা বিচার হচ্ছে।
“আমার ধারণা ছিল, এই বিচারপতিরা আজ এ বিষয়ে একটি রিজয়েন্ডার দেবেন। কিন্তু তারা তা দেননি। কাজেই আমরা পুরোপুরি বিশ্বাস করি, ওই ঘটনায় তাদের সম্পৃক্ততা রয়েছে।”
ট্রাইব্যুনাল বর্জনের জন্য আইনজীবীদের প্রতি আহ্বান জানান সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি।
পাশাপাশি বিচারপতি নিজামুল হক পদত্যাগ না করলে আন্দোলন কর্মসূচি দেয়ার হুমকি দেন তিনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএন/এমআই/০০০৬ ঘ
bdnews24