২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভোলায় আ’লীগ-বিএনপি সংঘর্ষে আহত ২৫

হরতালের পক্ষে-বিপক্ষে বের হওয়া মিছিল থেকে ভোলার বোরহানউদ্দিনে আওয়ামী লীগ ও বিএনপির মধ্যে সংঘর্ষে তিন পুলিশসহ অন্তত ২৫ জন আহত হয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Dec 2012, 04:31 PM

Updated : 24 Aug 2022, 12:38 PM

ভোলা, ডিসেম্বর ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- হরতালের পক্ষে-বিপক্ষে বের হওয়া মিছিল থেকে ভোলার বোরহানউদ্দিনে আওয়ামী লীগ ও বিএনপির মধ্যে সংঘর্ষে তিন পুলিশসহ অন্তত ২৫ জন আহত হয়েছেন। সোমবার সন্ধ্যায় উপজেলা সদরের চৌরাস্তায় ঘণ্টাব্যাপী এ সংঘর্ষ ও ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে বলে জানায় পুলিশ। প্রত্যক্ষদর্শীরা জানায়, ১৮ দলের ডাকা হরতালের সমর্থনে সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলা চত্বর থেকে একটি মিছিল বের করে বিএনপি। অপরদিকে একই সময় পশ্চিম বাজার থেকে হরতালের বিপক্ষে ছাত্রলীগ ও আওয়ামী লীগের একটি মিছিল বের হয়। মিছিল দুটি চৌরাস্তা মোড় এলাকায় এলে প্রথমে সংঘর্ষ ও পরে ধাওয়া-পাল্টা ধাওয়া হয়। এ সময় পুলিশের উপ-পরিদর্শক (এসআই) অলি উল্ল্যাহ ও মাইনুল এবং সহকারী উপ-পরিদর্শক (এএসআই) নাছিরসহ উভয়পক্ষের অন্তত ২৫ জন আহত হন বলে জানান বোরহানউদ্দিন থানার ওসি এনায়েত হোসেন। আহতদের মধ্যে বিএনপির নাছিম কাজী, আবুল হাসেম, আবু জাফর, মনজুর, তপু ও মিজান এবং আওয়ামী লীগের বাশার, আলাউদ্দিন, কাসেম, হোসেন, ইসমাইল, মামুন ও সালাউদ্দিন এর নাম জানা গেছে। এছাড়াও সন্ধ্যায় শহরতলীর ঘুইংগার হাট এলাকায় হরতাল সমর্থনকারীরা তিনটি ট্রাক, একটি বাস ও একটি মাইক্রোবাস ভাংচুর করেছে বলে নিশ্চিত করেছেন ওসি এনায়েত। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/এইচএ/২২২৭ ঘ.