বাগেরহাট, ডিসেম্বর ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাগেরহাটের মোল্লাহাটে জমি দখল নিয়ে দু’পক্ষের গোলাগুলিতে একজন নিহতের ঘটনায় মামলা হয়েছে।
শনিবার মোল্লাহাট থানায় ৯২ জনের নামে এ হত্যা মামলা দায়ের করেন নিহত রিপন সরদারের চাচাত ভাই হাশমত সরদার।
এছাড়া অজ্ঞাত পরিচয় আরো ৫০/৬০ জনকেও আসামি করা হয়েছে।
এদিকে সংঘর্ষে নিহত রিপন সরদারের লাশ রোববার সন্ধ্যায় সিংগাঁতি গ্রামের পারিবারিক গোরস্থানে দাফন করা হয়েছে।
পুলিশ গ্রামের আওলাদ শিকদারের একটি বৈধ আগ্নেয়াস্ত্র ও সাত রাউন্ড গুলি জব্দ করেছে।
শনিবার সকালে সিংগাঁতি গ্রামের জাহিদ শিকদার ও জিন্নাত সরদারের সমর্থকদের মধ্যে গোলাগুলি ও মারামারির ঘটনায় রিপন সরদার (৪০) গুলিবিদ্ধ হন। পরে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
নিহত রিপন জিন্নাত সরদারের সমর্থক বলে জানা গেছে।
মোল্লাহাট থানার ওসি আ ন ম খায়রুল আনাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, মামলা হয়েছে। পুলিশ এখনো কাউকে গ্রেপ্তার করতে পারেনি।
জব্দ করা অগ্নেয়াস্ত্র ঘটনার দিন ব্যবহার করা হয়েছে কি না তা পরীক্ষার জন্য ঢাকায় পাঠানো হবে বলেও জানান ওসি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এফএ/ডিডি/১৯৩৫ ঘ.
bdnews24