২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কিশোরগঞ্জে গুলিতে স্বেচ্ছাসেবক দল কর্মী নিহত

কিশোরগঞ্জে জমি নিয়ে বিরোধে প্রতিপক্ষের গুলিতে এক ব্যক্তি নিহত হয়েছেন, যাকে নিজেদের কর্মী বলে দাবি করেছে স্বেচ্ছাসেবক দল।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Dec 2012, 01:30 PM

Updated : 24 Aug 2022, 12:38 PM

কিশোরগঞ্জ, ডিসেম্বর ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কিশোরগঞ্জে জমি নিয়ে বিরোধে প্রতিপক্ষের গুলিতে এক ব্যক্তি নিহত হয়েছেন, যাকে নিজেদের কর্মী বলে দাবি করেছে স্বেচ্ছাসেবক দল। শনিবার রাতে শহরের তারাপাশা এলাকায় গুলিবিদ্ধ হওয়ার পর হাসপাতালে নেয়ার পথে মারা যান আফজাল হোসেন (১৮)। তিনি কিশোরগঞ্জ পৌরসভার ৭নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক ছিলেন বলে দাবি করেন সংগঠনটির জেলা কমিটির সভাপতি নাজমুল আলম। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, পশ্চিম তারাপাশা গ্রামের বাসিন্দা খায়রুল ইসলাম কয়েক বছর আগে রেলওয়ে থেকে জমি লিজ নিয়ে দোকান নির্মাণ করে ব্যবসা করে আসছিলেন। সেই জমিটি দখলের চেষ্টা করছিল স্থানীয় বাসিন্দা মামুন ও মাসুদ। এর জের ধরে শনিবার রাত ১০টার দিকে মামুন ও মাসুদের নেতৃত্বে একদল সন্ত্রাসী খায়রুল ইসলামের দোকানে হামলা চালায় ও ভাংচুর করে। এ সময় সন্ত্রাসীদের প্রতিরোধের চেষ্টা করলে সন্ত্রাসীরা গুলি ছুঁড়লে খায়রুলের আত্মীয় আফজালের বুকে ও গলায় লাগে। আশঙ্কাজনক অবস্থায় আফজালকে প্রথমে কিশোরগঞ্জ আধুনিক সদর হাসপাতাল ও পরে সেখান থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয় বলে জানান খাইরুল। তিনি দাবি করেন, মামুন ও মাসুদ দুইভাই দীর্ঘদিন ধরে এলাকায় ক্ষমতাসীন দলের ছত্রছায়ায় সন্ত্রাসী কার্যকলাপ চালাচ্ছে। মডেল থানার ওসি মীর মোশারফ হোসেন জানান, এ ঘটনায় এখনো কোন মামলা হয়নি। কাউকে গ্রেপ্তারও করা হয়নি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/১৯১৭ ঘ.