ঢাকা, ডিসেম্বর ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিএনপি নেতৃত্বাধীন ১৮ দলীয় জোটের রাজপথ অবরোধ কর্মসূচির কারণে পরিবহন সংকটে ব্যাপক ভোগান্তিতে পড়ে রাজধানীবাসী।
গাড়ি না পেয়ে অফিসমুখীরা পায়ে হেঁটে কর্মস্থলের উদ্দেশে রওনা হন। অনেককেই দেখা গেছে ভ্যানে করে অফিসের উদ্দেশে যেতে।
নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের দাবিতে রোববার ভোর ৬টা থেকে সারাদেশে আট ঘণ্টার এই রাজপথ অবরোধের কর্মসূচি পালন করে বিএনপি নেতৃত্বাধীন ১৮ দলীয় জোট।
এছাড়া রাজধানীর বেশির ভাগ রাজপথ ছিল রিকশার ‘দখলে’। নিয়মিত ভাড়ার চেয়ে চার থেকে পাঁচগুণ ভাড়া দিয়ে লোকজন অফিসে পৌঁছান।
অবরোধের কারণে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের রোববারের পরীক্ষাগুলো আগেই স্থগিত করায় কোনো শিক্ষার্থীকে রাস্তায় দেখা যায়নি।
তবে সকাল সাড়ে ৮টার দিকে মিরপুর-১ নম্বর বাসস্ট্যান্ডে অফিসগামী মানুষের ভীড় যায়।
এদেরই একজন একটি বেসরকারি ব্যাংকের কর্মকর্তা শরিফুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “অবরোধে রাস্তায় গাড়ি কম থাকবে, এমন ভেবে সকাল ৭টায় বাসস্ট্যান্ডে এসেছি। কিন্তু কোনো গাড়ি নেই। মিরপুর-১ নম্বর থেকে রিকশায় শ্যামলী বাসস্যান্ডে যেতে দুইশ টাকা ভাড়া চাচ্ছে।”
অন্য সময়ে এই দূরত্বের ভাড়া ৪০ থেকে ৫০ টাকা বলে জানান তিনি।
অফিসগামী শত শত মানুষকে পরিবহনের জন্য কল্যাণপুর, শ্যামলী, কলেজ গেট, আসাদগেট, ফার্মগেটসহ বিভিন্ন বাসস্ট্যান্ডেও অপেক্ষা করতে দেখা যায়। সকাল ১০টা পর্যন্তও অফিসমুখী এসব মানুষের ভীড় ছিল।
আসাদগেট বাসস্ট্যান্ডে গাড়ির অপেক্ষায় থাকা আসমা আক্তার বলেন, মতিঝিল যাওয়ার জন্য দুই ঘণ্টা ধরে রাস্তায় দাঁড়িয়ে আছেন তিনি।
একই স্থানে অপেক্ষারত হাইকোর্টের আইনজীবী মফিজুল ইসলাম দুই ঘণ্টা চেষ্টার পরেও কোনো গাড়ি না পেয়ে বাসায় ফিরে যাচ্ছিলেন।
তিনি বলেন, “সবাই তো রাজনীতি করে না। তবে এর ভোগান্তি কেন সবাইকে পোহাতে হবে।”
রাজনৈতিক দলগুলোকে হরতাল-অবরোধের কর্মসূচি না দেয়ারও অনুরোধ জানান তিনি।
তবে অবরোধের কারণে রাজপথে গাড়ি না থাকায় ভীষণ খুশি রিকশাচালক আনিছুর। ভোর সাড়ে ৫টায় বিকশা বের করে সকাল ১০টার মধ্যে চারশ টাকা কামিয়েছেন তিনি।
হাসিমুখে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এই দিনমুজুর বলেন, “ভালা ইনকাম হইছে।”
অবরোধে রাজধানীর ব্যস্ততম অফিসপাড়া মতিঝিলে সরকারি-বেসরকারিসহ বিভিন্ন অফিসের সামনে ছিল বিশেষ নিরাপত্তা ব্যবস্থা।
আইন শৃংখলা রক্ষাকারী বাহিনীর অতিরিক্ত সদস্য মোতায়েন করা হয় বাংলাদেশ ব্যাংক, সোনালী ব্যাংক, জনতা ব্যাংক, সিটি সেন্টারের সামনে।
রিকশাকে প্রধান বাহন করে অফিসগামীদের নির্ধারিত সময়ের অনেক পড়ে পৌঁছাতে দেখা যায় মতিঝিলে।
কয়েকটি ব্যাংকের শাখা কার্যালয়ে ঘুরে দেখা যায়, অন্যান্য দিনের তুলনায় গ্রাহক অনেক কম।
প্রাইম ব্যাংকের কর্মকর্তা বজলুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “অবরোধের কারণে সকাল সাড়ে ৭টায় বাসা থেকে বেরিয়েছি। এরপর দুবার রিকশা বদল করে মতিঝিল পৌঁছেছি।”
বাংলাদেশ ব্যাংকের সামনে চায়ের দোকানদার হাসমত আলী বলেন, “প্রতিদিন সকালে কমপক্ষে একশ কাপ চা বিক্রি হয়। আজ ২০ কাপ চাও বিক্রি করতে পারিনি।”
কেন্দ্রীয় ব্যাংকের বিভিন্ন তলায় ঘুরে দেখা যায়, কর্মকর্তাদের অধিকাংশ চেয়ারই ফাঁকা।
এছাড়া রাজধানীর গুরুত্বপূর্ণ বাণিজ্যিক এলাকা গুলিস্তান, কাকরাইল, বায়তুল মোকাররম ও এর আশপাশের এলাকায় ব্যবসা প্রতিষ্ঠানগুলো বন্ধ ছিল।
রিকশা ছাড়া অন্য কোন যানবাহন এ এলাকায় চলতে দেখা যায়নি।
বায়তুল মোকারম এলাকার একাধিক ব্যবসায়ী ও দোকান কর্মচারীদের দোকানের সামনে বসে আড্ডা দিতে দেখা গেছে। অবরোধের সময় পার হলেই ব্যবসা প্রতিষ্ঠান খুলবেন বলে তারা জানান।
তবে এসব এলাকায় সকাল থেকেই খোলা ছিল খাবারের হোটেলগুলো।
সকাল পৌনে ১০টার দিকে ফকিরেরপুল পানির ট্যাঙ্কির সামনে পুলিশকে লক্ষ্য করে ককটেল ও হাতবোমা বিস্ফোরণ করে অবরোধ সমর্থকরা।
মতিঝিল থানার উপ পরিদর্শক (এসআই) কে এম আজিজুল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, এ ঘটনায় তিনজনকে আটক করা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআই/এসএইচএ/এসএ/আরএ/১৩৫৬ ঘ.
bdnews24