ঢাকা, ডিসেম্বর ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিরোধী দলের অবরোধ কর্মসূচির মধ্যে পুরান ঢাকার জজ কোর্ট এলাকায় বিরোধী দল ও সরকার সমর্থকদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার পর পিটুনিতে এক যুবক নিহত হয়েছেন।
কোতোয়ালী থানার ওসি আবু বকর সিদ্দিক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সকাল ৯টার দিকে ভিক্টোরিয়া পার্কের কাছে এই ঘটনা ঘটে।
তিনি বলেন, “বিশ্বজিত দাস নামের এক যুবক গণপিটুনিতে নিহত হয়েছেন। তবে কারা তাকে পিটিয়েছে, তা বলতে পারছি না।”
লাশের সুরতহাল তৈরির সময় উপস্থিত থাকা সূত্রাপুর থানার উপপরিদর্শক জাহেদুল ইসলাম জানান, বিশ্বজিতের শরীরে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্নও পাওয়া গেছে।
বিশ্বজিত (২৫) রাজধানীর শাঁখারিবাজার এলাকায় একটি দর্জির দোকান চালাতেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, বিএনপি-জামায়াতপন্থী আইনজীবীরা সকালে জজ কোর্টের ভেতরে অবরোধের সমর্থনে মিছিল শুরু করলে জগন্নাথ কলেজ ছাত্রলীগের কর্মীরা পাল্টা মিছিল নিয়ে ওই এলাকায় চক্কর দিতে থাকে। এক পর্যায়ে সেখানে ধাওয়া পাল্টা ধাওয়া শুরু হয় এবং কয়েকটি হাতবোমায় বিস্ফোরণ ঘটে।
ঘটনার সময় ওই এলাকায় থাকা রিকশাচালক রিপন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, হাতবোমা ফাটার কিছুক্ষণ পর ২০-২৫ জন যুবক একটি ভবনের নিচে বিশ্বজিতকে ধরে রড দিয়ে পেটানো শুরু করে। তাকে পাশের একটি ভবনের দ্বিতীয় তলা থেকে ধরে আনে তারা।
পরে এলাকাবাসী বিশ্বজিততে গুরুতর আহত অবস্থায় রিপনের রিকশায় তুলে দিলে তাকে মিটফোর্ড হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে ভর্তি করার পর বিশ্বজিতের মৃত্যু হয়।
মিটফোর্ড হাসপাতালে মো. বাবুল নামের এক ব্যবসায়ী জানান, শাঁখারিবাজারে তার দোকান ভাড়া নিয়েই ‘আমন্ত্রণ টেইলার্স’ নামের একটি দাকান চালাতেন বিশ্বজিত।
বাবুল বলেন, “বিশ্বজিত সকালে বাসা থেকে দোকানে যাচ্ছিল। পথে গণ্ডগোলের মধ্যে পড়ে। সে কোনো রাজনৈতিক দলের সাথে ছিল বলে আমি শুনিনি।”
বিশ্বজিতের মৃত্যুর খবর শুনে মর্গে ছুটে যান তার ভাই উত্তম দাস ও তার ভাইয়ের স্ত্রী শুক্লা দাস।
ভাইয়ের মৃত্যুতে স্তব্ধপ্রায় উত্তম কোনো কথা বলতে না পারলেও শুক্লা জানান, বিশ্বজিত সকাল সাড়ে ৮টার দিকে দোকান খোলার জন্য বাসায় থেকে বের হন।
“ওরা বিশ্বজিতকে শুধু পেটায়নি, ছুরিও মেরেছে”, বলেন শুক্লা।
দুই ভাই এক বোনের মধ্যে বিশ্বজিত ছিলেন সবার ছোট। তাদের বাবা অনন্ত দাস শরীয়তপুরে একটি মিষ্টির দোকানের কর্মচারী।
ময়নাতদন্তের জন্য বিশ্বজিতের লাশ স্যার সলিমুল্লাহ মেডিকেলে কলেজের মর্গে রাখা হয়েছে।”
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেটি/জেকে/১১৫০ ঘ.
bdnews24