২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাবতলী-আমিনবাজারে ব্যাপক সংঘর্ষ

বিরোধী দলের অবরোধ কর্মসূচির সকালে রাজধানীর অন্যতম প্রবেশপথ গাবতলী ও সাভারের আমিনবাজারে অবরোধকারীদের সঙ্গে পুলিশ ও সরকার সমর্থকদের ব্যাপক সংঘর্ষ হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Dec 2012, 04:00 AM

Updated : 24 Aug 2022, 12:38 PM

ঢাকা/সাভার, ডিসেম্বর ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিরোধী দলের অবরোধ কর্মসূচির সকালে রাজধানীর অন্যতম প্রবেশপথ গাবতলী ও সাভারের আমিনবাজারে অবরোধকারীদের সঙ্গে পুলিশ ও সরকার সমর্থকদের ব্যাপক সংঘর্ষ হয়েছে। রোববার ভোর ৬টার দিকে অবরোধের শুরুতেই গাবতলী এলকায় সড়কে টায়ার জ্বালিয়ে অবরোধ সৃষ্টি করে ১৮ দলীয় জোটের নেতাকর্মীরা। এতে ঢাকা-আরিচা সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। এরপর পুলিশ তাদের সরিয়ে দিতে গেলে শুরু হয় ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষ। এ সময় ডজনখানেক বাসে ব্যাপক ভাংচুর চালায় পিকেটাররা। এক পর্যায়ে অবরোধকারীদের ঠেকাতে ক্ষমতাসীন দলের নেতাকর্মীদেরও তৎপর হতে দেখা যায়। ফলে সংঘর্ষ ব্যাপক আকার ধারণ করে। অন্তত পাঁচটি হাতবোমার বিস্ফোরণ ঘটানো হয়; পুড়িয়ে দেয়া হয় দুটি বাস। এ সময় গাবতলীর কোর্টবাড়ী এলাকা থেকে টার্মিনাল পর্যন্ত এলাকায় ছাত্রদল ও ইসলামী ছাত্র শিবির কর্মীদের মিছিল নিয়ে যেতে দেখা যায়। বেলা সাড়ে ৮টার দিকে অবরোধকারীদের গাবতলী থেকে হটিয়ে দেয় পুলিশ ও সরকার সমর্থকরা। এরপর ধাওয়া পাল্টা ধাওয়া শুরু হয় আমিনবাজারের দিকে। সেখানেও পুলিশ ও ক্ষমতাসীন দলের কর্মীদের সঙ্গে সংঘর্ষে জড়ায় অবরোধকারীরা। এ সময় অন্তত পাঁচটি গাড়ি পুড়িয়ে দেয়া হয়। টায়ারে আগুন জ্বালিয়ে অবরোধ সৃষ্টি করা হয় হেমায়েতপুর বাসস্ট্যান্ডেও। বিএনপি নেতা আমানউল্লাহ আমান জানান, গাবতলীতে সংঘর্ষ চলাকালে ঢাকা জেলা ছাত্রদলের সভাপতি রেজাউল করিম পল ও সাবেক সাংসদ নাজিমউদ্দিন আলম গুলিবিদ্ধ হন। তাদের রাজধানীর স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়েছে। সংঘর্ষ চলাকালে ‘সরকার সমর্থকদের হামলায়’ ছাত্রদলের সাবেক সভাপতি সুলতান সালাউদ্দিন টুকুও আহত হন বলে জানান তিনি। নয়েরহাট এলাকাতেও অবরোধকারীরা পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়ালে রাবার বুলেট ও কাঁদানে গ্যাস ব্যবহার করে পরিস্থিতি নিয়ন্ত্রণ আনে। নির্দলীয় সরকার পুনর্বহালের দাবিতে রোববার ভোর ৬টা থেকে সারাদেশে আট ঘণ্টার এই রাজপথ অবরোধের কর্মসূচি শুরু করে বিএনপি নেতৃত্বাধীন বিরোধী দলীয় জোট। অবরোধ ও সংঘর্ষের কারণে ঢাকা-আরিচা মহাসড়কে যান চলাচল বন্ধ রয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কেটি/জেকে/০৯৫৫ ঘ.